ঈদযাত্রায় ৪৪২ দুর্ঘটনায় ৪৩৮ জনের প্রাণহানি
দেশজুড়ে
প্রকাশঃ ৭ জুন, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ন
পবিত্র ঈদুল আজহার ঈদযাত্রায় সারা দেশে সড়ক, রেল ও নৌপথে মোট ৪৪২টি দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১ হাজার ৩৪০ জন।
রোববার (৭ জুন) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গেল ২১ মে থেকে ৪ জুন পর্যন্ত ১৫ দিনের ঈদযাত্রার ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করেছে সংগঠনটির ‘সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল’।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২১ মে থেকে ৪ জুন সময়ের কেবল সড়কপথেই ৩৯৪টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৪০২ জন এবং আহত হয়েছেন এক হাজার ৩৪০ জন।
এদিকে গত বছরের ঈদুল আজহার তুলনায় এবার সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি বেড়েছে বলেও জানিয়েছে সংগঠনটি। গত বছর একই সময়ে ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯০ জন নিহত এবং ১ হাজার ১৮২ জন আহত হয়েছিলেন। সে হিসাবে এবার সড়ক দুর্ঘটনা বেড়েছে ৩ দশমিক ৯৫ শতাংশ, প্রাণহানি ৩ দশমিক ৭ শতাংশ এবং আহতের সংখ্যা বেড়েছে ৯ দশমিক ৪৭ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। ১৫ দিনে ১৫৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫৯ জন নিহত এবং ১৮০ জন আহত হয়েছেন। মোট দুর্ঘটনার প্রায় ৩৯ শতাংশই মোটরসাইকেলসংক্রান্ত।
দুর্ঘটনায় জড়িত যানবাহনের মধ্যে ২৮ দশমিক ৯ শতাংশ মোটরসাইকেল, ২১ দশমিক ৪ শতাংশ ট্রাক ও কাভার্ডভ্যান, ১৬ দশমিক ৫৬ শতাংশ বাস এবং ১২ দশমিক ৩৪ শতাংশ ব্যাটারিচালিত রিকশা।
সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী দুর্ঘটনার কয়েকটি কারণ তুলে ধরেন। তিনি জানান, চালক সংকটের কারণে ঈদযাত্রায় অনেক যানবাহন বিরামহীনভাবে চালানো হয়েছে। অতিরিক্ত মুনাফার আশায় ফিটনেসবিহীন যানবাহনও সড়কে নামানো হয়েছে। পাশাপাশি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক, বেপরোয়া গতি ও আইন অমান্যের প্রবণতাও দুর্ঘটনা বাড়িয়েছে।
তিনি বলেন, ঈদকে ঘিরে কয়েক দিনের তৎপরতা যথেষ্ট নয়। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। একই সঙ্গে গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন, চালকদের প্রশিক্ষণ বৃদ্ধি এবং মহাসড়কে নিরাপত্তা অবকাঠামো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়, একই সময়ে রেলপথে ৩১টি দুর্ঘটনায় ২৩ জন এবং নৌপথে ১৭টি দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। মোট দুর্ঘটনার ৫০ দশমিক ৫০ শতাংশ ঘটেছে জাতীয় মহাসড়কে।
সংবাদ সম্মেলনে সরকারের সাবেক সচিব ড. এ ওয়াই এম একরামুল হকসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ঈদযাত্রা, সড়ক দুর্ঘটনা, যাত্রী কল্যাণ সমিতি, মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণহানি