০৮ জুন ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সিলেটে ছিনতাইয়ের অভিযোগে দুই তরুণী গ্রেপ্তার, স্বর্ণের নাকফুল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশঃ ৭ জুন, ২০২৬ ১০:০২ অপরাহ্ন


সিলেটে ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি স্বর্ণের নাকফুল উদ্ধার করা হয়েছে।

 

রোববার (৭ জুন) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুন বিকেল সাড়ে ৩টার দিকে কোতোয়ালী থানাধীন সোবহানীঘাট এলাকার চালিবন্দর কাষ্টঘর রোডের মুখে কুলসুমা আক্তার সয়দা (১৯) পায়ে হেঁটে যাওয়ার সময় তিনজন ছিনতাইকারী ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার মোবাইল ফোন ও স্বর্ণের নাকফুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

 

এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ঘটনাস্থলেই তানিয়া (১৮) নামের এক ছিনতাইকারীকে আটক করেন এবং পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

 

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধনী ২০১৯) এর ৪/৫ ধারায় একটি মামলা দায়ের করেন।

 

এর প্রেক্ষিতে রোববার (৭ জুন) নগরীর বাদামবাগিচা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি ঝুমা আক্তার (১৮)-কে গ্রেপ্তার করে।

 

পুলিশ জানায়, গ্রেপ্তার তানিয়ার বাড়ি বিশ্বনাথ উপজেলার লামাকাজী গ্রামে। আর ঝুমা আক্তারের বর্তমান ঠিকানা এয়ারপোর্ট থানার বাদামবাগিচা এলাকায়। তারা উভয়েই ভাসমান অবস্থায় বসবাস করছিলেন।

 

গ্রেপ্তার দুই আসামিকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় জড়িত অপর পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, নগরবাসীর জানমালের নিরাপত্তা ও অপরাধ দমনে তাদের অভিযান চলমান থাকবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট ছিনতাই, সোবহানীঘাট সিলেট, এসএমপি পুলিশ, স্বর্ণের নাকফুল উদ্ধার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ