০৮ জুন ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

বানিয়াচংয়ে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ

প্রকাশঃ ৭ জুন, ২০২৬ ৯:৫২ অপরাহ্ন


হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী।

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, সাংবাদিক শেখ নুরুল ইসলাম এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. আরশাদ মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

 

আলোচনা সভায় নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, সামাজিক অপরাধ এবং পারিবারিক মূল্যবোধের অবক্ষয় রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, একটি নিরাপদ, মানবিক ও সুস্থ সমাজ গঠনে নারী ও শিশুদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী বলেন, সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ এবং বিভিন্ন অপরাধ প্রবণতা দূর করতে হলে সচেতনতার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার অত্যন্ত জরুরি। পরিবার থেকেই সন্তানদের সঠিক মূল্যবোধ শিক্ষা দিতে হবে।

 

তিনি আরও বলেন, কন্যা সন্তানদের নিরাপত্তা ও সুশিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সভায় অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতনমুক্ত, বাল্যবিবাহবিহীন এবং সচেতন সমাজ বিনির্মাণে সকলের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বানিয়াচং সংবাদ, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন, হবিগঞ্জ খবর, সচেতনতামূলক সভা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ