মুরারিচাঁদ কলেজে সম্মান প্রথম বর্ষের ওরিয়েন্টেশন রোববার
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ৬ জুন, ২০২৬ ৯:০২ অপরাহ্ন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১৬ দিনের ছুটি শেষে আগামীকাল রোববার (৭ জুন) থেকে সিলেটসহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। দীর্ঘ বিরতির পর আবারও স্বাভাবিকভাবে শুরু হচ্ছে শিক্ষা কার্যক্রম।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিনেই নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার উদ্যোগ নিয়েছে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ। কলেজ প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল রোববার সকালে কলেজের প্রতিটি বিভাগে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে। এ আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, বিভাগীয় কার্যক্রম ও বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে অবহিত করা হবে।
নতুন শিক্ষাজীবনের শুভ সূচনায় সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কলেজ প্রশাসন। একই সঙ্গে নির্ধারিত সময়ে নিজ নিজ বিভাগে উপস্থিত থাকার জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এর আগে, গত ২৪ মে ঈদুল আজহা উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। শনিবার (৬ জুন) সেই ছুটি শেষ হয়েছে।
দীর্ঘ বিরতির পর রোববার থেকে স্বাভাবিক পাঠদান কার্যক্রম পুনরায় শুরু করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এমসি কলেজ, ওরিয়েন্টেশন ক্লাস, সম্মান প্রথম বর্ষ, সিলেট কলেজ, নবীনবরণ অনুষ্ঠান