১৭ মে ২০২৬

দৈনন্দিন / আন্দোলন-বিক্ষোভ

সিলেটের ফুটপাতে ব্যবসার সুযোগ চেয়ে থালা হাতে হকারদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৭ মে, ২০২৬ ৩:২৬ অপরাহ্ন


জীবন ও জীবিকার স্বার্থে অন্তত বিকেল ৫টার পর ফুটপাতে ব্যবসা করার সুযোগ চেয়ে সিলেটে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন হকাররা। রোববার দুপুরে সিলেট সিটি করপোরেশনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। এতে নগরের বিভিন্ন এলাকার শতাধিক হকার অংশ নেন।


বিক্ষোভ চলাকালে কয়েকজন হকারের হাতে ভাতের থালা দেখা যায়। অনেকের হাতে ছিল বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড। তাতে লিখা দেখা যায়, 'হকার বাঁচলে, বাঁচবে দেশ, তারেক জিয়ার বাংলাদেশ'। এদিকে কর্মসূচির কারণে ওই এলাকায় যান চলাচলে ধীরগতি দেখা দেয়। একপর্যায়ে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।


হকারদের দাবি, সারাদিন ব্যবসা করার সুযোগ না থাকলেও অন্তত বিকেল ৫টার পর ফুটপাতে বসে জীবিকা নির্বাহের সুযোগ দেওয়া উচিত। তাদের ভাষ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেক পরিবারের একমাত্র আয়ের উৎস হয়ে উঠেছে ফুটপাতের এই ছোট ব্যবসা।


অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন হকার অভিযোগ করেন, উচ্ছেদ অভিযানের সময় তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে মালামাল জব্দ করা হয় বলেও অভিযোগ তোলেন তারা। এসব অভিযান বন্ধ করে হকারদের জন্য মানবিক সমাধানের দাবি জানান বক্তারা।


তারা আরও বলেন, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালানো হলে বহু পরিবার চরম সংকটে পড়বে। তাই নির্দিষ্ট সময়ের জন্য হলেও ফুটপাতে ব্যবসার সুযোগ দেওয়ার আহ্বান জানান তারা।


প্রায় একঘণ্টা ধরে চলা এ কর্মসূচির শেষ খবর পাওয়া পর্যন্ত হকাররা সিটি করপোরেশনের ফটকের সামনে অবস্থান করছিলেন। তখন আশেপাশে রাস্তায় দেখা দেয় তীব্র যানজট।


এর আগে গত ১৪ মে একই দাবিতে সিলেট নগরে বিক্ষোভ মিছিল করেছিলেন হকাররা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট হকার বিক্ষোভ, ফুটপাতে ব্যবসার সুযোগ, সিলেট সিটি করপোরেশন, হকার উচ্ছেদ, থালা হাতে বিক্ষোভ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ