গাজীপুরে স্ত্রী-সন্তানসহ পাঁচজনকে হত্যা মামলার প্রধান আসামির মরদেহ উদ্ধার
দেশজুড়ে
প্রকাশঃ ১৬ মে, ২০২৬ ৮:১৭ অপরাহ্ন
গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, শ্যালক ও তিন সন্তানসহ একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লা (৪০)-এর মরদেহ মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ মে) বেলা আড়াইটার দিকে উপজেলার ঘোড়দৌড় বাজার সংলগ্ন পদ্মা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম এবং লৌহজংয়ের মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, পদ্মা সেতু থেকে প্রায় চার কিলোমিটার দূরে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা নৌপুলিশকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় নৌপুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ফোরকান মোল্লার পরিবারের সদস্য এবং কাপাসিয়া থানার পুলিশ মরদেহটি প্রাথমিকভাবে ফোরকানের বলে শনাক্ত করেন।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, পদ্মা সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যার ঘটনায় নিখোঁজ ফোরকান মোল্লাকে উদ্ধারের জন্য নির্দেশনা আসার পর নদীতে অভিযান চালানো হয়।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানান, দুপুরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে গাজীপুরের কাপাসিয়ায় খবর পাঠানো হলে মামলার বাদী, ফোরকানের পরিবারের সদস্য ও তদন্ত কর্মকর্তা লাশটি প্রাথমিকভাবে ফোরকানের বলে ধারণা করেন।
তিনি আরও জানান, মরদেহটি কয়েকদিন পানিতে থাকায় অর্ধগলিত অবস্থায় ছিল। তাই আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) ও প্রয়োজনে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে।
এর আগে গত বৃহস্পতিবার (১৪ মে) পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি প্রাইভেটকার থেকে একজন ব্যক্তি পদ্মা সেতু এলাকায় নেমে মোবাইল রেখে রেলিং টপকে নদীতে লাফ দেন। পরে সেই ব্যক্তি ফোরকান মোল্লা বলেই ধারণা করা হয়।
উল্লেখ্য, গত শনিবার (৯ মে) সকালে কাপাসিয়ার রাউৎকোনা গ্রামের একটি বহুতল বাড়ি থেকে একই পরিবারের পাঁচজনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন—ফোরকানের স্ত্রী শারমিন খানম (৩০), তাদের তিন সন্তান মীম খানম (১৫), উম্মে হাবিবা (৮), ফারিয়া (দেড় বছর) এবং শারমিনের ছোট ভাই রসুল মোল্লা (২৩)। নৃশংস এই হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান অভিযুক্ত ফোরকান পলাতক ছিলেন।
কাপাসিয়া হত্যাকাণ্ড, ফোরকান মোল্লা মরদেহ উদ্ধার, পদ্মা নদী লৌহজং, গাজীপুর পাঁচ খুন, নৌপুলিশ উদ্ধার অভিযান