০৩ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

গোয়াইনঘাটে নাতনিকে ঘর থেকে তুলে নিতে বাধা দেওয়ায় দাদিকে হত্যা

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট 

প্রকাশঃ ১৬ মে, ২০২৬ ৭:১২ অপরাহ্ন


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গভীর রাতে ঘরে ঢুকে এক কিশোরীকে জোর করে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে ছুরিকাঘাতে তার দাদি নিহত হয়েছেন। এ ঘটনায় ওই কিশোরী ও তার মা আহত হয়েছেন।

 

শুক্রবার (১৫ মে) রাত তিনটার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গল হাওর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দিলারা বেগম (৫৪) ওই গ্রামের মৃত মাহমুদ হোসেনের স্ত্রী।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে তিনজন দুর্বৃত্ত দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা দিলারা বেগমের নাতনিকে (১৪) মুখ চেপে ধরে ঘরের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকার শুনে তার মা বাধা দিলে দুর্বৃত্তরা তাকে কামড় দেয় এবং ওই কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

 

মা ও মেয়ের চিৎকার শুনে পাশের কক্ষ থেকে বের হয়ে আসেন দিলারা বেগম। তিনি দরজার সামনে দাঁড়িয়ে বাধা দিলে দুর্বৃত্তরা তার বুকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। 

 

এদিকে আহত ওই কিশোরী ও তার মাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে ওই কিশোরীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনেরা।

 

প্রতিবেশী আলকাছ মিয়া জানান, জরাজীর্ণ একটি টিনের ঘরে নিহত দিলারা বেগম তার প্রতিবন্ধী মেয়ে, নাতনিসহ ৫ জনকে নিয়ে বাড়িতে থাকেন। নিহতের দুই ছেলে ঋণ করে গত কয়েকমাস পূর্বে জীবিকার তাগিদে প্রবাসে যান। তিনি রাত তিনটার দিকে মধ্যে ওই বাড়িতে কান্নাকাটির আওয়াজ শুনতে পান। দৌড়ে পার্শ্ববর্তী অন্যান্য বাড়ির লোকজনসহ গিয়ে দেখতে পান দিলারা বেগম রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। এ সময় কয়েক মিনিটের মধ্যেই সে মারা যান। এদিকে মেয়ে ও মেয়ের মা আহত অবস্থায় পড়ে আছে। 

 

কিশোরীর মা জানান, ঘুম থেকে জেগে দেখেন দরজা খোলা। বিজলীর আলোয় তিনি দেখতে পান, তার মেয়ের ওপর চড়াও হয়ে তাকে শ্লীলতাহানির চেষ্টা করছে কয়েকজন। বাধা দিলে ওই ব্যক্তি মেয়ের মুখ চেপে ধরে বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি নিজে বাধা দিতে গেলে ওই ব্যক্তি তার হাতে কামড় দেয় এবং মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। 

 

তিনি বলেন, ‘চিৎকার শুনে পাশের কক্ষ থেকে শাশুড়ি দিলারা বেগম দরজার সামনে এগিয়ে এসে বাধা দিলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাগাত করে। এতে তার বুকে গুরুতর জখম হয়। পরে তিনি সেখানেই লুটিয়ে পড়েন।’ আক্রমণ কারীদের মধ্যে একজনকে তিনি চিনতে পেরেছেন বলে জানান। 

 

গোয়াইনঘাট থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার অভিযান চলছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

গোয়াইনঘাট, দাদি নিহত, কিশোরী অপহরণ চেষ্টা, সিলেট অপরাধ, ছুরিকাঘাত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ