১৫ মে ২০২৬

কৃষি / চাষাবাদ

হাওরে থামছে না ধান লুট, বাড়ছে কৃষকদের ক্ষোভ

প্রতিনিধি, দিরাই সুনামগঞ্জ 

প্রকাশঃ ১৪ মে, ২০২৬ ১০:২৬ অপরাহ্ন


সুনামগঞ্জের দিরাই উপজেলার ভরাম হাওরে অতিবৃষ্টিতে তলিয়ে যাওয়া পাকা ধান লুটের ঘটনা থামছে না। একের পর এক জমিতে প্রকাশ্যে ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

 

স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার সকালে নৌকা নিয়ে কয়েকজন ব্যক্তি কাদিরপুর ও ধল আমিরপুর এলাকার কিছু কৃষকের জমিতে প্রবেশ করে প্রকাশ্যে ধান কেটে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে তাদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন জমির মালিকরা।

 

ভাঙ্গাডহর গ্রামের চপল মজুমদার ও সুখময় দাসসহ একাধিক কৃষক জানান, কাদিরপুর ও ধল আমিরপুর এলাকার কিছু লোক তাদের জমির ধান কেটে নেয়। এ সময় তারা নৌকা নিয়ে ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণ করলে অভিযুক্তরা হুমকি দেয়।

 

তারা আরও জানান, বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানানো হয়েছে। ভিডিও দেখে তিনি কয়েকজনকে শনাক্তও করেছেন।

 

এদিকে আলী আহমদ জানান, ভাঙ্গাডহর গ্রামের কয়েকজন মোবাইল ফোনে বিষয়টি জানিয়ে ভিডিও পাঠিয়েছে। তিনি বলেন, ধল আমিরপুর এলাকার একজনকে শনাক্ত করা গেছে বলেও দাবি করেন।

 

এর আগে উপজেলার বরাম হাওরের (একাংশ) ভাঙ্গাডহর ও ডাইয়ারগাঁও এলাকায়ও একই ধরনের ঘটনার খবর পাওয়া যায়। এ সময় পুলিশ উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায় বলে জানা গেছে।

 

এ বিষয়ে তাড়ল ইউনিয়নের ওয়ার্ড সদস্য বাবুল দাস জানান, কয়েকদিনের রোদে হাওরের পানি কমতে থাকায় ভেসে ওঠে অতিবৃষ্টিতে তলিয়ে যাওয়া বোরো ধান। এ সুযোগে নোয়াগাও-সন্তোষপুর, বাউসী ও চন্দ্রপুরের কিছু সুযোগ সন্ধানী লোকজন নৌকাযোগে লুটপাট শুরু করে। পরে পুলিশ নৌকা যোগে লুটপাট কারীদের তাড়া করলে তারা পালিয়ে যায়।

 

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী জানান, গত মঙ্গলবার এ ধরনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল এবং সীমান্ত নির্ধারণ না হওয়া পর্যন্ত ধান না কাটার নির্দেশ দেওয়া হয়েছিল। বিষয়টি আবারও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিব সরকার বলেন, লুটতরাজের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।


শেয়ার করুনঃ

কৃষি থেকে আরো পড়ুন

দিরাই, হাওর, ধান লুট, কৃষকের ক্ষোভ, সুনামগঞ্জ, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ