১৪ মে ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

ডুয়েটের নতুন ভিসি শাবিপ্রবির অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৪ মে, ২০২৬ ৮:৩১ অপরাহ্ন


দেশের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। তিনি বর্তমানে সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।


বৃহস্পতিবার (১৪ মে) ডুয়েটসহ ১০টি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং প্রজ্ঞাপন শিগগিরই জারি হতে পারে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে এসব নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত উপাচার্যরা যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের বয়সসীমা—যেটি আগে হবে, সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।


তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও সরকারি বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাদের সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করার শর্তও আরোপ করা হয়েছে।


একই প্রজ্ঞাপনে দেশের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে—ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি): অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি): অধ্যাপক ড. এম এম শরীফুল করিম, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি): অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি): অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি): অধ্যাপক ড. আনিসুর রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি): অধ্যাপক ড. গোলাম রব্বানী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়: অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি): অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি): অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া।


২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পূর্ববর্তী নিয়োগ পাওয়া একাধিক উপাচার্য ও উপ-উপাচার্য পদত্যাগ করেন বলে জানা যায়। এরপর অন্তর্বর্তী সরকার ধাপে ধাপে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্ব নিয়োগ দেয়।


শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত প্রায় ৫৬টি বিশ্ববিদ্যালয়ে চার বছরের জন্য শর্তসাপেক্ষে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। তবে বিভিন্ন অনিয়ম ও প্রশাসনিক সমালোচনার কারণে নতুন করে পরিবর্তনের পরিকল্পনাও রয়েছে।


সূত্র আরও জানায়, সাম্প্রতিক সময়ে কিছু বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে অভিযোগ ও প্রশাসনিক দুর্বলতার কারণে অন্তত ৩০টি বিশ্ববিদ্যালয়ে পরিবর্তনের বিষয়টি পর্যালোচনায় রয়েছে।


বর্তমান প্রক্রিয়ার অংশ হিসেবে গত মার্চে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিসহ কয়েকটি প্রতিষ্ঠানে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়। এরপর ধাপে ধাপে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপাচার্যদের নিয়োগ চার বছরের জন্য হলেও রাষ্ট্রপতি (আচার্য) প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

উপাচার্য নিয়োগ, ডুয়েট ভিসি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, সরকারি নিয়োগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ