এমসি কলেজের শিক্ষার্থীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৪ মে, ২০২৬ ১০:০২ অপরাহ্ন
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের এক শিক্ষার্থীকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে নগরীর শাহপরান (রহ.) থানাধীন মাদানীবাগ এলাকায় এমসি কলেজ ছাত্রী হোস্টেলের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরান (রহ.) থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪–৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী নাসিম আহমদ মুমিন (২১)। তিনি ইংরেজি বিভাগের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী।
এমসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. আকমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘কলেজের একজন শিক্ষার্থীকে মারধর করে ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। বিষয়টি থানায় জানানো হয়েছে এবং তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’
অভিযুক্তরা হলেন আদনান (২১), আলী আজগর (২০) ও আলামিন (২১)।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী নাসিম আহমদ মুমিন (২১) এমসি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে তিনি তার এক বন্ধুর সঙ্গে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে রিকশাযোগে ফিরছিলেন। মাদানীবাগ এলাকায় নামার পর অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তার কাছে ল্যাপটপ কেনার জন্য রাখা ২২ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে এমসি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে তারা এলাকায় গিয়ে খোঁজ নেন এবং আহত শিক্ষার্থীকে থানায় অভিযোগ দিতে সহযোগিতা করেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়।
শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আহমেদ বলেন, পূর্ব বিরোধের জেরে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
সিলেট, এমসি কলেজ, ছিনতাই, শাহপরান থানা, শিক্ষার্থী হামলা