হাওরে ফসলের খুব বেশি ক্ষতি হয়নি: তথ্য উপদেষ্টা
রাজনীতি
প্রকাশঃ ১২ মে, ২০২৬ ২:২০ অপরাহ্ন
হাওরে পানির স্তর বেড়ে যাওয়াকে ঘিরে ফসল ক্ষতির যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা বাস্তবে বড় কোনো সমস্যায় রূপ নেয়নি বলে জানিয়েছেন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, পানি কমে আসার ফলে হাওরের প্রায় ৮৪ শতাংশ ধান ইতোমধ্যে কাটা সম্পন্ন হয়েছে ফলে ফসলের খুব বেশি ক্ষতি হয়নি।
মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে বিভিন্ন সরকারি কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, হাওরের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে এবং মাঠপর্যায়ে পর্যবেক্ষণ অব্যাহত আছে।
ব্রিফিংয়ে তিনি আরও বলেন, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। টিসিবির ট্রাকের সংখ্যা অতীতের তুলনায় প্রায় দ্বিগুণ করা হয়েছে। আগে যেখানে ট্রাকের সংখ্যা প্রায় ৪০০ ছিল, এখন তা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, এটা যথেষ্ট কি না আমরা মনে করি, এখনো নয়। তাই পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে। সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং এই কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
কৃষি ও সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে কৃষক কার্ডসহ বিভিন্ন সুবিধা সম্প্রসারণের কথাও জানান উপদেষ্টা। সরকারের লক্ষ্য কৃষকদের সরাসরি সহায়তা পৌঁছে দেওয়া বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া আসন্ন জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত দেশব্যাপী ভূমি মেলা আয়োজন করা হবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করবেন।
ব্রিফিংয়ে তিনি ভ্রমণ ও হজ-উমরাহসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতারণার বিষয়ে সতর্ক করেন। কিছু ট্রাভেল এজেন্সি ভুয়া ও মেয়াদোত্তীর্ণ সেবা দিয়ে প্রতারণা করছে উল্লেখ করে তিনি বলেন, সরকার শুধু সতর্কই করছে না, বরং এসবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঈদকে সামনে রেখে যাত্রী পরিবহন ও ভ্রমণ ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
হাওর, ফসলহানি, জাহেদ উর রহমান, হাওরাঞ্চল