১২ মে ২০২৬

রাজনীতি / সরকার

হাওরের অর্থনীতি বদলাতে কৃষিভিত্তিক শিল্প জোন গড়ে তোলা হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১২ মে, ২০২৬ ১২:৩৩ অপরাহ্ন

ছবিঃ আরিফুল হক চৌধুরী

সুনামগঞ্জের হাওরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে কৃষিভিত্তিক শিল্প জোন গড়ে তোলা এবং অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, প্রবাসীদের বিনিয়োগ ও সহযোগিতা যুক্ত হলে এই উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে।

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ জার্সি স্টেট বিএনপি (উত্তর)-এর সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্চুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সুনামগঞ্জের সার্বিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থা ও জনদুর্ভোগ নিয়ে আলোচনা হয়। এ সময় জেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ দাবি মন্ত্রীর কাছে তুলে ধরা হয়।

আলোচনায় হোসেন পাঠান বাচ্চু সুনামগঞ্জের দীর্ঘদিনের দাবি হিসেবে হালুয়ারঘাট এলাকায় সুরমা নদীর ওপর সেতু নির্মাণ, ডলুরা শুল্ক স্টেশন চালু এবং জেলায় কৃষিভিত্তিক শিল্প জোন প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেন। পাশাপাশি হাওরাঞ্চলের বোরো ফসলকে অকাল বন্যা ও জলাবদ্ধতা থেকে রক্ষায় স্থায়ী সমাধানের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

এ ছাড়া ঢাকা-সিলেট ৬-লেন মহাসড়ক প্রকল্পের সঙ্গে সুনামগঞ্জকে সংযুক্ত করার জন্য মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জায়গা–সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসনের দাবিও জানানো হয় সাক্ষাৎকালে।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব দাবি গুরুত্বের সঙ্গে শোনেন এবং সুনামগঞ্জের উন্নয়নে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরেন। তিনি বলেন, হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সুরমা নদীর ওপর সেতু নির্মাণ ও কৃষিভিত্তিক শিল্পায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি সড়ক যোগাযোগ উন্নয়ন ও বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, সিলেট বিভাগের প্রতিটি জেলার উন্নয়ন বিষয়ে সরকারের বিশেষ নজর রয়েছে। বর্তমান সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির ফলে সুনামগঞ্জের পিছিয়ে থাকা জনপদ শিক্ষা, যোগাযোগ ও বাণিজ্যে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, হাওরাঞ্চল, শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, মন্ত্রী, আরিফুল হক চৌধুরী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ