০৯ মে ২০২৬

রাজনীতি / সরকার

সিলেটের রেল উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৯ মে, ২০২৬ ২:২১ অপরাহ্ন


সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীও সিলেট অঞ্চলের রেল উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছেন এবং চলমান পরিকল্পনাগুলো সেই গুরুত্বের ভিত্তিতেই এগিয়ে নেওয়া হচ্ছে।

শনিবার (৯ মে) সকালে সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সিলেট আমাদের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীও সিলেটকে গুরুত্ব দিচ্ছেন। ইতিমধ্যে তিনি এই অঞ্চলে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অনুমোদন দিয়েছেন। রেল উন্নয়ন পরিকল্পনাতেও সিলেটকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

তিনি জানান, সিলেটে ব্রডগেজ ও ডুয়েলগেজ রেললাইন সম্প্রসারণের বিষয়টি বর্তমানে সমীক্ষা পর্যায়ে রয়েছে। ভবিষ্যতে এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রেল যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সিলেটে মিটারগেজ রেলসেবায় লোকোমোটিভ সংকট ও একক লাইনের কারণে প্রায়ই শিডিউল বিপর্যয় ঘটছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, সীমিত সম্পদের মধ্যেও সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। কোথাও ইঞ্জিন বিকল হলে বা দুর্ঘটনা ঘটলে পুরো শিডিউল বিপর্যস্ত হয়ে যায়। কারণ অনেক জায়গায় এখনো সিঙ্গেল লাইন। এসব সমস্যা কাটিয়ে উঠতে আমরা কাজ করছি।

প্রতিমন্ত্রী জানান, মিটারগেজ অঞ্চলে প্রয়োজনীয় সংখ্যক লোকোমোটিভ নেই। অনেক ক্ষেত্রে ৩০ সিরিজের ইঞ্জিনের পরিবর্তে ২৯ সিরিজের পুরোনো লোকোমোটিভ দিয়ে কাজ চালাতে হচ্ছে। কোথাও ৩০ থেকে ৩৫টি লোকোমোটিভ প্রয়োজন হলেও সচল আছে মাত্র ১৪ থেকে ১৫টি। বাকিগুলো মেরামত করে ব্যবহার করা হচ্ছে।

তিনি বলেন, আমরা শুধু সমস্যা নিয়ে বসে থাকতে চাই না, সমস্যার সমাধান করতে চাই। সীমাবদ্ধতার মধ্যেও যাতে দায়িত্বে কোনো ঘাটতি না থাকে, সেটি নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি বাড়ানো হয়েছে।

রেল কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ঢাকায় বসে নির্দেশনা দিলে হবে না, সংশ্লিষ্ট জোনে গিয়ে সরাসরি সেবা পরিস্থিতি দেখতে হবে। দায়িত্বে অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ঈদ উপলক্ষে সিলেট অঞ্চলে অতিরিক্ত কোচ ও লোকোমোটিভ সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নতুন লোকোমোটিভ পাওয়া গেলে ভবিষ্যতে আরও সেবা বাড়ানো সম্ভব হবে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, রেল মন্ত্রনালয়, প্রতিমন্ত্রী, হাবিবুর রশিদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ