০৮ মে ২০২৬

রাজনীতি / সরকার

হাওরে অতীতের দুর্নীতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৮ মে, ২০২৬ ৭:১৫ অপরাহ্ন


হাওরাঞ্চলের উন্নয়ন প্রকল্পে অতীতের দুর্নীতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, সরকার আইনের শাসন, জবাবদিহি ও দুর্নীতি দমনে অঙ্গীকারবদ্ধ।

শুক্রবার (৮ মে) বিকেলে সিলেট সার্কিট হাউসে হাওর ও আঞ্চলিক উন্নয়নবিষয়ক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকেরা হাওরাঞ্চলে গত ১৭ বছরে বাঁধ নির্মাণসহ বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিতুমীর বলেন, আমরা দায়বদ্ধ। বিভিন্ন পন্থায় এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বিভাগীয় পর্যায়ে ব্যবস্থা নেওয়া হবে, আইনগত প্রক্রিয়ায় আদালতের মাধ্যমেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইনের শাসন নিশ্চিত করা, সরকারকে জনগণের কাছে জবাবদিহির মধ্যে আনা এবং দুর্নীতি দমন করা।

তিতুমীর আরও বলেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন উনার অন্যতম অগ্রাধিকার হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া। জনগণের কল্যাণ নিশ্চিত করতে হলে জবাবদিহি প্রতিষ্ঠা জরুরি।

তিনি জানান, সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালকের সঙ্গে সরকারের বৈঠক হয়েছে। ঢাকায় একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সম্মেলন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী এতে সম্মতি দিয়েছেন বলেও জানান তিনি।

হাওরাঞ্চলের প্রসঙ্গ টেনে তিতুমীর বলেন, অতীতে অপরিকল্পিত উন্নয়ন, সমন্বয়হীন প্রকল্প ও লুটপাটের কারণে হাওরের পরিবেশ, পানি প্রবাহ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সরকার সমন্বিত পরিকল্পনার মাধ্যমে হাওর ও জলাভূমি এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, প্রধানমন্ত্রী উপদেষ্টা, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হাওর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ