ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম সহ্য করা হবে না: ত্রাণমন্ত্রী
রাজনীতি
প্রকাশঃ ৫ মে, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ন
হাওরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব। তিনি বলেছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের টানা তিন মাস সরকারি সহায়তা দেওয়া হবে এবং এ জন্য তাদের বিশেষ কার্ড প্রদান করা হবে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে সুনামগঞ্জ-এর হাওর পরিস্থিতি নিয়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে জনগণের ভোটে নির্বাচিত এই গণতান্ত্রিক সরকার সব সময় থাকবে। তিনি আরও জানান, প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও কৃষকদের অতিরিক্ত সহায়তা দেওয়া হবে।
হাওরের ফসল রক্ষায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে এ বিষয়ে একাধিক নির্দেশনা দিয়েছেন। “হাওরে আর এদিক-ওদিক করার প্রকল্প নেওয়া যাবে না, জনগণের টাকা অপচয় করা যাবে না।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিশেষ অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, কৃষি ও কৃষকের প্রশ্নে সরকার কোনো আপস করবে না। কৃষক শক্তিশালী হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে।” তিনি জানান, হাওরের জলাবদ্ধতা ও পানির সমস্যা সমাধানে প্রকৌশলীদের সম্পৃক্ত করা হয়েছে, যাতে ভবিষ্যতে কৃষকরা এ ধরনের সংকটে না পড়েন।
বিকেলে মন্ত্রীদ্বয় বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরপাড় এলাকায় ৪০০ ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে সরকারি সহায়তা বিতরণ করেন। প্রত্যেক কৃষককে ৭ হাজার ৫০০ টাকা নগদ এবং ২০ কেজি করে চাল দেওয়া হয়।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান জানান, ক্ষতিগ্রস্ত কৃষকেরা টানা তিন মাস এই সহায়তা পাবেন।
সুনামগঞ্জ, ত্রাণমন্ত্রী, কৃষিমন্ত্রী, হাওর, ফসল