০২ মে ২০২৬

রাজনীতি / সরকার

সিলেটের জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীর পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২ মে, ২০২৬ ১:৩০ অপরাহ্ন


সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা সমস্যার সমাধানে খাল খননের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে একদিকে জলাবদ্ধতা কমানো সম্ভব, অন্যদিকে পানির ব্যবহারও নিশ্চিত করা যাবে।


শনিবার সিলেট সিটি কর্পোরেশনের এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক বৃষ্টিতে সিলেট শহরের বিভিন্ন স্থানে পানি জমে থাকতে দেখা গেছে। অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়া একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে।


তিনি বলেন, শুধু সিলেট নয়, দেশের বিভিন্ন অঞ্চলেও অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে একই পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশেষ করে সুনামগঞ্জসহ হাওড় অঞ্চলের কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন।


সমাধান হিসেবে খাল খননের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্ষাকালে বিপুল পরিমাণ পানি নদী হয়ে সাগরে নেমে যায়, যা সংরক্ষণ করা গেলে কৃষি ও দৈনন্দিন কাজে ব্যবহার করা সম্ভব। এ জন্য সরকার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে।


এদিকে, সিলেট নগরের জলাবদ্ধতা নিরসনে একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রকল্পটির ভিত্তিপ্রস্তর ইতোমধ্যে স্থাপন করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে ভবিষ্যতে অতি বৃষ্টিতেও নগরে জলাবদ্ধতা কমে আসবে বলে আশা করা হচ্ছে।


তবে এ সমস্যা সমাধানে নাগরিক সচেতনতার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। 


তিনি বলেন, পলিথিন ও প্লাস্টিক বর্জ্য খাল ও নদীতে ফেলার কারণে পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে। বিশেষ করে সুরমা নদীতে জমে থাকা বর্জ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।


সিটি করপোরেশনের জনগণকে সচেতন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্কুল পর্যায় থেকেই শিশুদের পরিবেশ বিষয়ে সচেতন করে তুলতে হবে। এতে ভবিষ্যতে জলাবদ্ধতা সমস্যার টেকসই সমাধান সম্ভব হবে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেটের জলাবদ্ধতা, খাল খনন, প্রধানমন্ত্রী তারেক রহমান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ