জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের ২১তম মৃত্যুবার্ষিকী আজ
দৈনন্দিন
প্রকাশঃ ২৭ এপ্রিল, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরের কৃতি সন্তান, স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুস সামাদ আজাদের ২১তম মৃত্যুবার্ষিকী আজ (২৭ এপ্রিল) পালিত হয়েছে।
১৯২২ সালে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ভূরাখালী গ্রামে জন্মগ্রহণ করেন এই বর্ষীয়ান নেতা। ২০০৫ সালের ২৭ এপ্রিল বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
রাজনৈতিক জীবনে আব্দুস সামাদ আজাদ ১৯৪০ সালে সুনামগঞ্জ জেলা মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালনের মাধ্যমে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে এমএলএ নির্বাচিত হন এবং আওয়ামী লীগের শ্রম সম্পাদক মনোনীত হন।
১৯৫৮ সালে আইয়ুববিরোধী আন্দোলন, ১৯৭০ সালের সাধারণ নির্বাচন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি মুজিবনগর সরকারের বিশেষ ভ্রাম্যমাণ রাষ্ট্রদূত ও রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর তিনি দেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৭৫-পরবর্তী সময়ে আওয়ামী লীগ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও সক্রিয় ছিলেন। ১৯৯১ সালে সুনামগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিরোধী দলের উপনেতা এবং ১৯৯৬ সালে পুনরায় নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সকালে জগন্নাথপুর উপজেলা পরিষদ কমপ্লেক্সে স্থাপিত তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদের সদস্য সচিব জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, যুবনেতা সেলিম মিয়া, সমাজকর্মী আক্তার হোসেন, সৈয়দ তালহা আহমদ সারজানসহ অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে সোমবার বাদ জোহর বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং বিকেলে মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
আব্দুস সামাদ আজাদ, মৃত্যুবার্ষিকী, জগন্নাথপুর, সুনামগঞ্জ রাজনীতি, পররাষ্ট্রমন্ত্রী