১৬ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

আরব আমিরাতে বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৪ এপ্রিল, ২০২৬ ৮:২৭ অপরাহ্ন

ছবিঃ নিহত হেলাল। সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহর থেকে মো. হেলাল (২৭) নামের এক প্রবাসী বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) শহরের ১০ নম্বর ইন্ডাস্ট্রিয়াল এলাকায় নিজ কর্মস্থলের টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত হেলাল লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নুর আলমের ছেলে।

 

পরিবারের দাবি, হেলাল আত্মহত্যা করেননি; বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তারা বাংলাদেশ সরকারের মাধ্যমে আমিরাত সরকারের কাছে দাবি জানিয়েছেন।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ২০২৩ সালের নভেম্বর মাসে আরব আমিরাতে যান হেলাল। সেখানে তিনি একটি পেইন্ট কনট্রাকটিং প্রতিষ্ঠানে পেইন্টার হিসেবে কাজ করতেন। পরিবারের অভিযোগ, ১১ এপ্রিল কর্মস্থলের টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এবং সহকর্মীর মাধ্যমে মৃত্যুর খবর পান তারা।

 

নিহতের বাবা নুর আলম বলেন, ‘আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে নয়। তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।’

 

হেলালের ছোট ভাইও একই প্রতিষ্ঠানে কাজ করতেন, তবে কিছুদিন আগে তিনি দেশে ফিরে আসেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

 

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, ঘটনাটি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

প্রবাসী নিহত, হেলাল, আরব আমিরাত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ