২১ এপ্রিল ২০২৬

মানবিকতা

সিলেট ভয়েসে সংবাদ প্রকাশ

দুই যুগ পর ‘ভবঘুরে উজ্জ্বল’ ফিরে পেলেন আপন ঠিকানা

বদরুল ইসলাম মহসিন, বিশ্বনাথ, সিলেট

প্রকাশঃ ৯ এপ্রিল, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ন


সিলেটের বিশ্বনাথ উপজেলায় দীর্ঘদিন রাস্তায় ভবঘুরের মতো ঘুরে বেড়ানো উজ্জ্বল রায় (৪০) অবশেষে ফিরে পেলেন আপন ঠিকানা। বর্তমানে তিনি নিজ পরিবারের হেফাযতে রয়েছেন বলে সিলেট ভয়েসকে নিশ্চিত করেছে উজ্জ্বলের পরিবার। 

 

তবে দীর্ঘ প্রায় দুই যুগ ধরে ভবঘুরে থাকায় অনেকটাই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন উজ্জ্বল— এমনটাই দাবি করছেন তার পরিবারের সদস্যরা। 

 

এর আগে, চলতি বছরের গত ৩১ মার্চ দেশের প্রথম হাপারলোকাল সংবাদমাধ্যম সিলেট ভয়েস-এ ‘বিশ্বনাথে ভবঘুরে উজ্জ্বলের মানবেতর জীবন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। পরে বিষয়টি স্থানীয়দের নজরে আসে এবং ব্যাপক আলোচনা শুরু হয়। 


এরই প্রেক্ষিতে স্থানীয় স্বেচ্ছাসেবী ও মানবিককর্মীরা এগিয়ে এসে উজ্জ্বলকে উদ্ধার করে তাকে গোসল ও পরিচ্ছন্ন পোশাক পরিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা প্রদান করেন। [পূর্বে প্রকাশিত প্রতিবেদনটি পড়তে এখানে ক্লিক করুন]


প্রতিবেদন প্রকাশের জেরে চিকিৎসাধীন অবস্থায় ভবঘুরে উজ্জ্বলের সন্ধান পায় তার পরিবার। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি তার বোনের বাসায় অবস্থান করছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। 


পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দুই যুগ ধরে উজ্জ্বল বিশ্বনাথের বিভিন্ন বাজার ও অলিগলিতে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতেন। বাবার অকাল মৃত্যুতে চরম দারিদ্র‍ের মুখে পড়ে পরিবারটি। পিতা হারানোর শোক, পারিবারিক দারিদ্য ও অভাবের চাপেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে উজ্জ্বল। মানসিক ভারসাম্যহীনতার কারণে পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। একসময় পরিবারের সদস্যরাও আশাহত হয়ে পড়েন।


উজ্জ্বলের মা বলেন, ‘আমি নিজেও খুব অসহায়, চোখ দিয়ে কিছুই দেখি না। চোখের চিকিৎসাও ঠিকমত করতে পারছি না। তাকে (উজ্জল) অনেকবার বাসায় রাখার চেষ্টা করছি কিন্তু আটকানো যায়নি। দৌড়ে লুকিয়ে যায়, খুঁজে পাওয়া যায় না।’

 

সিলেট ভয়েসকে তিনি বলেন, ‘তার (উজ্জ্বলের) দুই পায়ের অবস্থা খুবই খারাপ। বড় আরেক ছেলে আছে, সে থেকেও নাই, কোন খোঁজ-খবর রাখে না। একটা মেয়ে থাকায় তার বাসায় আশ্রয় নিয়েছি।’


এ অবস্থায় মানসিক ভারসাম্যহীন ছেলের চিকিৎসা চালিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন উজ্জ্বলের মা।


শেয়ার করুনঃ

মানবিকতা থেকে আরো পড়ুন

সিলেট ভয়েস, ভবঘুরে উজ্জ্বল, বিশ্বনাথ সংবাদ, মানবিক উদ্যোগ, উদ্ধার ঘটনা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ