জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ
মানবিকতা
প্রকাশঃ ৫ আগস্ট, ২০২৬ ৯:২০ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে নৌকাডুবিতে ভবানীপুর গ্রামের সনাতন ধর্মাবলম্বী চারজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকসন্তপ্ত পরিবারগুলোকে সমবেদনা জানাতে গতকাল বুধবার বিকেলে তাদের বাড়িতে যান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।
সেখানে পৃথকভাবে শোকাহত চার পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের সান্ত্বনা ও সমবেদনা জানান নেতৃবৃন্দ। এ সময় চার পরিবারের হাতে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক প্রকৌশলী সতীশ গোস্বামী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিভাষ দে, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক জয়দীপ সূত্রধর ও বীরেন্দ্র, যুগ্ম আহ্বায়ক শশীকান্ত গোপ, সদস্যসচিব সাংবাদিক অমিত দেব, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পৌর শাখার আহ্বায়ক মুকুল ভট্টাচার্য, যুগ্ম আহ্বায়ক প্রজেশ গোপ ও রেনু শর্মা, সদস্যসচিব জীবন গোপ, পূজা উদযাপন পরিষদের পৌর শাখার সভাপতি প্রদীপ সূত্রধর, সাধারণ সম্পাদক দীপক কুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক গোবিন্দ দেব, কোষাধ্যক্ষ রজত গোপ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সুজিত কুমার রায়, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সুমিত রায়, সদস্য অজয় কুমার গোপ, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য পরিমল দেবনাথ এবং কমিউনিটি নেতা প্রশান্ত চক্রবর্তী ও প্রমোদ দেবনাথ প্রমুখ।
ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবিতে প্রাণ হারানো সনাতন ধর্মাবলম্বী চারজনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান নেতৃবৃন্দ। এ সময় পরিবারগুলোর পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। পরে নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।
নৌকাডুবি, সহায়তা, জগন্নাথপুর, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, সনাতন ধর্মাবলম্বী