২৩ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে গণ-সমাবেশ

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৭ এপ্রিল, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে গণ-সমাবেশ করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন উপজেলা আহ্বায়ক কমিটি। পাউবো (পানি উন্নয়ন বোর্ড) ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে এসব অনিয়মের অভিযোগ তোলা হয়।

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৬ এপ্রিল) বিকেল ৩টায় জগন্নাথপুর বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আহ্বায়ক রুবেল ভূইয়ার সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কমিটির সদস্য সচিব কাইয়ূম আহমদ।

 

সমাবেশে নলুয়ার হাওরের কৃষক নুর আলম, আফজাল হোসেন, জুনেদ আহমদ ভূইয়া, আমির হোসেন, আনসার ভূইয়া, আনা মিয়া এবং মহিয়ার হাওরের কৃষক আখলুস মিয়া, দেলোয়ার হোসেন বক্তব্য রাখেন। অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ এবং সহ সভাপতি ওবায়দুল মুন্সী।

 

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী আকবর, সদস্য শাহিনুর রহমান, জুনেদ আহমদ, ফয়সল, আশিক, শিফাত আহমদ, পাটলী ইউনিয়ন কমিটির আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরী, সমাজকর্মী শাহাজাহান, মুরাদ চৌধুরীসহ অন্যান্যরা।

 

বক্তারা বলেন, নলুয়ার হাওর, মহিয়ার হাওরসহ বিভিন্ন হাওরে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বহু কৃষকের ধান তলিয়ে গেছে। এতে কৃষকদের স্বপ্নও ভেঙে পড়েছে। তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ নির্ধারণ করে সহায়তা দেওয়ার দাবি জানান।

 

এ সময় বক্তারা আরও বলেন, উপজেলার বিভিন্ন খাল-নদী খনন কাজ দ্রুত শুরু করতে হবে। বিশেষ করে নলজুর নদী খননের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা।

 

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণে পিআইসি গঠন থেকে শুরু করে কাজের প্রাথমিক পর্যায়েই নানা অনিয়ম ও দুর্নীতি স্পষ্ট ছিল। তারা অতিরিক্ত বরাদ্দ, নিম্নমানের কাজ এবং অব্যবস্থাপনার অভিযোগ তুলে বলেন, এসব অনিয়মের বিরুদ্ধে হাওর ও নদী রক্ষা আন্দোলন নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।

 

তারা আরও জানান, বিভিন্ন পিআইসি পরিদর্শনের মাধ্যমে অনিয়মের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

 

বক্তারা বলেন, অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত বাঁধ নির্মাণের কারণে সুনামগঞ্জে হাজার হাজার হেক্টর বোরো ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকরা চরম উদ্বেগে রয়েছেন। তারা দাবি করেন, এসব অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে এবং তাদের সুনামগঞ্জ থেকে অপসারণ করতে হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জগন্নাথপুর, গণসমাবেশ, হাওর রক্ষা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ