ব্যবসায়ীদের উন্নয়নে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: কয়েস লোদী
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২ আগস্ট, ২০২৬ ৬:৫০ অপরাহ্ন
সিলেট নগরীর আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) রাতে নগরীর আখালিয়া নবাবী মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘একটি এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসার ও সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যবসায়িক পরিবেশ পরিচ্ছন্ন ও সুষ্ঠু রাখতে আখালিয়া নবাবী মসজিদ এলাকা ব্যবসায়ী সমিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ব্যবসায়ীদের ন্যায়সংগত অধিকার আদায় এবং যেকোনো দুর্যোগে সাধারণ ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে এই সমিতিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
এ সময় তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ রাখতে এই কমিটি একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ক্রেতা ও বিক্রেতার মাঝে সুসম্পর্ক বজায় রাখা এবং বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে নবনির্বাচিত কমিটি সর্বদা সচেষ্ট থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আহ্বায়ক কমিটির প্রধান মো. কবির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন নির্বাচন কমিশনের সাবেক সদস্যসচিব মো. তাজুল ইসলাম এবং সমিতির সহসাধারণ সম্পাদক মো. শামীউল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন সমিতির প্রধান উপদেষ্টা শেখ শামীম, বাবুল আহমদ, হেলাল আহমদ, সাদিকুর রহমান সাদিক, অ্যাডভোকেট আক্তার বক্স জাহাঙ্গীর, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া, মনির মিয়া, মো. হাফিজ উদ্দিন, মো. ফজলুল হক, মো. আব্দুল ওয়াহিদ, শফিকুর রহমান শফিক ও জামাল আহমদ মুন্নাসহ অন্যরা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না ও সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল। এ ছাড়া বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। পরে অতিথিদের ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান সমিতির নেতারা।
২০১৩ সালে প্রতিষ্ঠিত আখালিয়া নবাবী মসজিদ এলাকা ব্যবসায়ী সমিতি দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও সংগঠিত রাখতে কাজ করে আসছে।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, কয়েস লোদী, ব্যবসায়ী সমিতি, নবাবী মসজিদ, অভিষেক