১৪ মে ২০২৬

রাজনীতি / সরকার

বেকারত্ব মোকাবিলায় দেশজুড়ে নতুন শিল্পকারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২ এপ্রিল, ২০২৬ ৯:০৩ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

বেকারত্ব হ্রাস ও শিল্পায়ন ত্বরান্বিত করতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) অধীনে দেশজুড়ে নতুন শিল্পকারখানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার।

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব কথা জানান।

 

মন্ত্রী বলেন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, অব্যবহৃত সরকারি জমির ব্যবহার এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে শিল্প মন্ত্রণালয়ের অধীনে একাধিক শিল্প প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

মন্ত্রী জানান, ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানির (জিপিএফপিএলসি) অব্যবহৃত জমিতে ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ (ইউএফ-৮৫) প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত টেকনো-ইকোনমিক সম্ভাব্যতা সমীক্ষা চলছে।

 

তিনি আরও বলেন, টিএসপি কমপ্লেক্স লিমিটেডের (টিএসপিসিএল) ভেতরে বছরে ৪ লাখ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি নতুন টিএসপি সার কারখানা স্থাপন করা হবে। এজন্য আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

মন্ত্রী জানান, খুলনা নিউজপ্রিন্ট মিলস লিমিটেড ও খুলনা হার্ডবোর্ড মিলস লিমিটেডের প্রাঙ্গণে ‘স্টার্চ ফ্যাক্টরি ও অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) কমপ্লেক্স’ শীর্ষক একটি প্রকল্প নেওয়া হয়েছে। এর সম্ভাব্যতা সমীক্ষা ও ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রস্তুত ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

 

এ ছাড়া কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের (কেপিএমএল) প্রাঙ্গণে বনায়নসহ পূর্ণাঙ্গ কাগজকল স্থাপন এবং সোডা অ্যাশ, বেকিং সোডা, সোডিয়াম সালফেট, অ্যাকটিভেটেড ব্লিচিং আর্থ, টাইটানিয়াম ডাই-অক্সাইড, সালফিউরিক অ্যাসিড ও সিনথেটিক/পলিয়েস্টার ফাইবার কারখানাসহ বিভিন্ন কেমিক্যাল প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে এবং ডিপিপি প্রণয়নাধীন রয়েছে।

 

খন্দকার আব্দুল মুক্তাদির আরও জানান, চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্সে ক্লোর-অ্যালকালি ও ক্লোরিনভিত্তিক মৌলিক রাসায়নিক শিল্প স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারি ওয়্যার ফ্যাক্টরি লিমিটেডে (বিআইএসএফএল) আধুনিক ও জ্বালানি-সাশ্রয়ী ইনসুলেটর ও স্যানিটারি ওয়্যার কারখানা স্থাপন করা হবে।

 

মন্ত্রী বলেন, ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার প্ল্যান্টে ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প হিসেবে ওভেন পলিপ্রোপিলিন (ডব্লিউপিপি) ব্যাগ তৈরির কারখানা স্থাপন করা হবে। পাশাপাশি ভোলা জেলায় নতুন ইউরিয়া সার কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে, যার জন্য স্থান নির্বাচন ও সম্ভাব্যতা সমীক্ষা চলছে।

 

তিনি জানান, আশুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরির পাশে ১৯৭ একর অব্যবহৃত জমিতে একটি আধুনিক গ্লাস কারখানা স্থাপন করা হবে। এর প্রি-ফিজিবিলিটি স্টাডি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

 

বিসিক সম্পর্কে মন্ত্রী বলেন, বিসিক সরাসরি শিল্প স্থাপন করে না। তবে শিল্প নগরী ও পার্ক গড়ে তোলে, যেখানে উদ্যোক্তারা কারখানা স্থাপন করেন। বর্তমানে দেশে ৮৩টি বিসিক শিল্প নগরী ও পার্কে ৬ হাজার ২২৩টি শিল্প ইউনিট চালু রয়েছে।

 

তিনি আরও বলেন, কাঁচামালের প্রাপ্যতা, উদ্যোক্তাদের প্রস্তাব ও সম্ভাব্যতা সমীক্ষার ভিত্তিতে জেলা প্রশাসনের মাধ্যমে অব্যবহৃত বা পতিত জমি ব্যবহার করে নতুন শিল্প নগরী ও পার্ক স্থাপন করা হবে। এতে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সরকার, খন্দকার মুক্তাদির, পরিকল্পনা, বেকারত্ব দূর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ