যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির সুফল কাজে লাগিয়ে অর্থনীতি এগিয়ে নিতে চায় সরকার: অর্থ উপদেষ্টা
ব্যবসা-বাণিজ্য
প্রকাশঃ ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৪০ অপরাহ্ন
রমজানের শুরুতেই ভরা মৌসুম থাকা সত্ত্বেও সিলেটের ওসমানীনগরে কাঁচাবাজারে দামের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। প্রায় সব ধরনের সবজি ও ফলের দাম বেড়েছে। পাশাপাশি গ্যাসের সিলিন্ডারের দামও বাড়ায় চাপে পড়েছেন ক্রেতারা।
এদিকে কাঁচাবাজারে মূল্য বৃদ্ধির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ জনকে ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত৷
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার গোয়ালাবাজার ও তাজপুর বাজার ঘুরে দেখা যায়, কাঁচামরিচ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৮০ টাকায়, যা রমজানের তিন দিন আগেও ছিল ৭০ থেকে ৯০ টাকা। শসা ৭০ টাকা ও ক্ষিরা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। রমজানের আগে শসা ৩৫ থেকে ৪০ টাকা এবং ক্ষিরা ৪০ থেকে ৫০ টাকায় পাওয়া যেত।
বেগুনের দাম ৩০–৪০ টাকা থেকে বেড়ে ৮০ টাকায় উঠেছে। টমেটো আগে ৪০ টাকার নিচে থাকলেও রমজানের শুরুতে ৮০ টাকায় ওঠে, বর্তমানে কিছুটা কমে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ, বাঁধাকপি ও ফুলকপি ৩০ টাকার মধ্যে থাকলেও সামগ্রিক বাজার পরিস্থিতি অস্থির।
ফলের বাজারেও একই চিত্র। ভালো মানের কলা প্রতি হালি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৩০ থেকে ৪০ টাকা। আপেল (প্রকারভেদে) ৩৬০ থেকে ৪০০ টাকা, কমলা ৩৪০ টাকা, আনার ৫৩০ থেকে ৬০০ টাকা, নাশপাতি ৪০০ টাকা, মালটা ৩০০ থেকে ৩৫০ টাকা এবং আঙুর ৪৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। খেজুর মানভেদে ২০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি।
গোয়ালাবাজারের ক্রেতা দবির মিয়া বলেন, কলা লেবু পেয়াজ ও তেলের দাম বেড়েছে। অন্য দিকে জ্বালানি গ্যাসের দাম বেড়েছে বহুগুন। ব্যবসায়ী আনহার আহমদ বলেন, লেবু, শসা, কলা ও মাছের দাম বেড়েছে।
দামের ঊর্ধ্বগতির মধ্যে মঙ্গলবার তাজপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অবৈধ পার্কিং, ফুটপাত দখল, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং লাইসেন্স ছাড়া বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৩৮ ও ৫৩ ধারায় ৭ মামলায় ৭ জনকে মোট ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা। তিনি বলেন, বাজারে নজরদারি অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অযৌক্তিকভাবে দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে।
ওসমানীনগর, বাজারদর, ভ্রাম্যমাণ আদালত