সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে সংরক্ষিত নারী আসন। সিলেট বিভাগে এই দুটি আসন ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভেতরে-বাইরে শুরু হয়েছে নীরব কিন্তু তৎপর প্রতিযোগিতা। সম্ভাব্য প্রার্থী হিসেবে অন্তত আটজন নারী নেত্রীর নাম ঘুরছে দলীয় মহল ও তৃণমূলের আলোচনায়।
দলীয় সূত্র বলছে, সাধারণ আসনের ফলাফল চূড়ান্ত হওয়ার পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। কেউ কেউ দলীয় কর্মসূচিতে সক্রিয় উপস্থিতি দেখাচ্ছেন, আবার কেউ সংগঠনের অতীত ভূমিকা তুলে ধরছেন বিভিন্ন মহলে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের ওপর।
আলোচনায় থাকা সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাম্মী আক্তার। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর কন্যা ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরীর নামও ঘুরছে আলোচনায়। সিলেট-৬ আসনের সাবেক এমপি মরহুম ড. সৈয়দ মকবুল হোসেন (লেচু মিয়া)-এর কন্যা সৈয়দা আদিবা হোসেন সম্ভাব্যদের তালিকায় রয়েছেন।
এ ছাড়া যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি প্রয়াত কমর উদ্দিনের কন্যা সাবিনা খান পপি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাদিয়া চৌধুরী মুন্নি, মহিলা দলের কেন্দ্রীয় সহ - সভাপতি সামিয়া বেগম চৌধুরী এবং গুম হওয়া ছাত্রদল নেতা ইফতেখার হোসেন দিনারের বোন, সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্নার নামও বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে।
এ তালিকায় আরও রয়েছেন সাবেক সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন সেলিমের স্ত্রী ও জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক জেবুন নাহার সেলিম। দলীয় ত্যাগ, সাংগঠনিক ভূমিকা, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ সব মিলিয়ে তাঁদের প্রত্যেককে ঘিরেই আলাদা আলাদা সমীকরণ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
দলীয় একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সংরক্ষিত আসনের ক্ষেত্রে সাংগঠনিক ত্যাগ, রাজনৈতিক পরিবার, পেশাগত দক্ষতা ও কেন্দ্রের আস্থা সবকিছুই বিবেচনায় আসে। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত সমীকরণ বদলে যেতে পারে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, এটি বিএনপির দলনেতা সিদ্ধান্ত নিবেন। আমরা আশা করি সিলেট থেকে যোগ্য এবং দলের নিবেদিত যিনি ছিলেন তিনিই আগামীতে সংরক্ষিত নারী সংসদ সদস্য হবেন।
সংসদ, নির্বাচন, সিলেট, বিএনপি, সংরক্ষিত নারী আসন