১৫ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সিলেটে বিএনপির পাঁচ বিদ্রোহী প্রার্থীর ভরাডুবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:১৬ অপরাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের ভরাডুবি হয়েছে। ভোটগ্রহণের আগ পর্যন্ত ধারণা করা হয়েছিল বিএনপির দলীয় প্রার্থীদের জয়ে বিদ্রোহীরা ‘ফ্যাক্টর’ হয়ে দাঁড়াবেন। 

 

তবে শেষ পর্যন্ত উল্লেখযোগ্য ভোট পেলেও বিজয়ের মুখ দেখতে পারেননি কেউই। শুধুমাত্র সুনামগঞ্জ-৩ আসনে বিদ্রোহী প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেন বিএনপির দলীয় প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন। বাকি চারজনই তৃতীয় অবস্থানে রয়েছেন।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সিলেট বিভাগের চার জেলার নির্বাচনী বেসরকারী ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তারা। ঘোষিত ফলাফলে সিলেট বিভাগে ভূমিধস বিজয় হয়েছে বিএনপির। ১৯টি আসনের মধ্যে ১৮টিতে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

 

শুধুমাত্র সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ১১ দলের জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মুফতি আবুল হাসান বিজয়ী হয়েছেন। তবে ১১ দলের প্রধান জামায়াতে ইসলামী সিলেটে একটি আসনও পায়নি। 

 

ঘোষিত ফলাফলে দেখা গেছে, সিলেট-৫ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী মামুনর ররশীদ পেয়েছেন ৫৭ হাজার ২৫১ ভোট। এ আসনে খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান ৭৯ হাজার ৩৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের উবায়দুল্লাহ ফারুক। তিনি পেয়েছেন ৬৯ হাজার ৭৭৪ ভোট।

 

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন মোট ভোট পেয়েছেন ৪২ হাজার ২২৬ ভোট। এ আসনে ৯৭ হাজার ৩১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির দলীয় প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদ। তৃতীয় হয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ শাহীনুর পাশা চৌধুরী পেয়েছেন ১৪ হাজার ২০৩ ভোট।  

 

সুনামগঞ্জ-৪ (সদর উপজেলা ও বিশম্ভরপুর) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন ২৬ হাজার ৩০৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নুরুল ৯৮ হাজার ৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন জামায়াতের সামছউদ্দিন আহমদ। তিনি পেযেছেন ৭৫ হাজার ৭৩৫ ভোট।

 

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে বিএনপির বিদ্রোহী মো. মহসিন মিয়া মধূ পেয়েছেন ৩৪ হাজার ১৪৭ ভোট। এ আসনে ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির দলীয় প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত শেখ নূরে আলম হামিদী রিকশা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট।

 

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী শেখ সুজাত মিয়া পেয়েছেন ২৪ হাজার ৬৩৭ ভোট। এ আসনে ১ লাখ ১১ হাজার ৯৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ড, রেজা কিবরিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মাওলানা সিরাজুল ইসলাম রিকশা প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ১৩২ ভোট।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

নির্বাচন, ভরাডুবি, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, বিএনপির বিদ্রোহী প্রার্থী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ