০৫ মার্চ ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সকাল থেকেই ভোটকেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি বেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৩৮ পূর্বাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর থেকেই সিলেটের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।


সিলেট-১ আসনের সারদা হল ভোটকেন্দ্রে সকাল থেকেই নারী ভোটারদের ভিড় দেখা যায়। অনেকে লাইনে দাঁড়িয়ে ধৈর্য সহকারে ভোট দেওয়ার অপেক্ষা করেন। একই অবস্থা পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা কেন্দ্রেও।


এদিকে সিলেট-১ আসনের মদিনা মার্কেটের শাহজালাল জামিয়া ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে নারীদের উপস্থিতি সবচেয়ে বেশি দেখা গেছে। একই আসনের পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।


এসময় নারী ভোটাররা জানান, “সকাল সকাল ভোট দিলে শান্তিতে ভোটটা দেওয়া যায়। কোনও ঝামেলা থাকে না। সারাদিনের রোদ-ভিড়ের মধ্যে আমাদের জন্য ভোট দেওয়া কঠিন হয়ে যায়।”

সিলেটের সারদা হল ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আব্দুর রশিদ খান জানান, ‘কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট চলছে।’ তিনি জানান, এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮শত ৬৮ জন। যাদের মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৭শত ৪জন ও 
নারী ১ হাজার ১ শত ৬৪ জন ভোটার। সকাল ৯টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে প্রায় ৪০০।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ছয়টি আসনে মোট ভোটার ২৯ লাখ ১৬ হাজার ৫৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৯৮ হাজার ৯৫৩ এবং নারী ভোটার ১৪ লাখ ১৭ হাজার ৬১০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১৬ জন। ভোটারদের প্রায় অর্ধেক অর্থাৎ শতকরা ৪৮ দশমিক ৫ ভাগ নারী।


এদিকে আসনভিত্তিক ভোটার পরিসংখ্যানেও নারী ভোটারদের গুরুত্ব স্পষ্ট। সিলেট-১ আসনে মোট ভোটার ৬ লাখ ৮০ হাজার ৯৪৩ জন। এর মধ্যে নারী ভোটার ৩ লাখ ২৭ হাজার ৭৪৭ এবং পুরুষ ৩ লাখ ৫৩ হাজার ১৮৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন। সিলেট-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৯০০ জন। নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ২৪০ এবং পুরুষ ১ লাখ ৮৮ হাজার ৬৬০ জন। সিলেট-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ১৫ হাজার ৯৬৬ জন। নারী ভোটার ২ লাখ ৪ হাজার ২৭৮ এবং পুরুষ ভোটার ২ লাখ ১১ হাজার ৬৮৬ জন। সিলেট-৪ আসনে মোট ভোটার ৫ লাখ ১২ হাজার ৯৩৩। নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮০১ এবং পুরুষ ভোটার ২ লাখ ৬৭ হাজার ১৩১ জন। সিলেট-৫ আসনে মোট ভোটার ৪ লাখ ২৮ হাজার ৭৪৬ জন। নারী ভোটার ২ লাখ ৭ হাজার ৩৯০ এবং পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৩৫৬ জন। সিলেট-৬ আসনে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ৯১ জন। নারী ভোটার ২ লাখ ৫২ হাজার ১৫৪ এবং পুরুষ ভোটার ২ লাখ ৫৬ হাজার ৯৩৭ জন।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সিলেট-১ আসন, নারী ভোটার, উপস্থিতি বেশি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ