১১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

ভোটের সমীকরণ: সুনামগঞ্জ-২

নাছির-শিশিরের লড়াইয়ে চোখ আওয়ামী লীগের ভোট ব্যাংকে

বিশেষ প্রতিবেদক

প্রকাশঃ ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:০৭ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ঘাঁটি খ্যাত সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটের মাঠে মূল আলোচনায় রয়েছে বিএনপি ও জামায়াতের প্রার্থী। 

 

বিএনপির প্রার্থী ও দলটির বর্ষীয়ান নেতা সাবেক সংসদ সদস্য মো. নাছির উদ্দীন চৌধুরীর (ধানের শীষ) প্রধান প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির (দাঁড়িপাল্লা)। 


এ দুজন ছাড়াও ভোটের মাঠে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী নিরঞ্জন দাস (কাস্তে)।


দিরাই-শাল্লার রাজনীতিতে নাছির উদ্দিনের তুলনায় শিশির মনির একেবারে ‘অনভিজ্ঞ’। তবুও শিশির-নাছির যেনো সমানে সমান। প্রতিদিনই বদলাচ্ছে দুই প্রার্থীর ভোটের হিসাব নিকাষ। তবে শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে ভাটি-বাংলার হাল। কে পড়বেন বিজয়ের মালা, এ নিয়ে আলোচনার শেষ নেই। 

 

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, দিরাই-শাল্লায় রাজনৈতিক পরিচয়ের চেয়ে ব্যক্তি গ্রহণযোগ্যতার প্রাধান্য বেশি। যার কারণে মূল আলোচনায় নাছির উদ্দীন চৌধুরী ও শিশির মনির। জুলাই অভ্যুত্থানের পর শিশির মনির বেশ আলোচনায় এলেও অভিজ্ঞ নাছির চৌধুরীকে টপকে যেতে পারছেন না তিনি- এমনটাও মনে করছেন অনেকে।

 

নাছির উদ্দিন চৌধুরী দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। পরবর্তীতে চেয়ারম্যান থেকে সংসদ সদস্য হওয়ার পেছনে ধারাবাহিক একটি উত্থান রয়েছে। সেই হিসেবে শিশির মনির আলোচনায় থাকলেও গ্রহণযোগ্যতায় নাছির উদ্দিন এখনও এগিয়ে—ধারণা ভোটারদের। তবে, প্রচারণায় ও লোকমুখে শিশির মনির অনেকটা এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। 

 

স্থানীয় ভোটাররা বলছেন, এবার ভোটের মাঠে নাছির উদ্দীন চৌধুরীর বিজয় নিশ্চিতের ভরসা সুরঞ্জিত বলয়ের সাধারণ ভোটার। বিগত সময়ে নাছির উদ্দীন চৌধুরী যে কমিউনিটির ভোটের উপর ভরসা করে নির্বাচন করেছিলেন, এবার সেই কমিউনিটি থেকে অ্যাডভোকেট শিশির মনির প্রার্থী হওয়ায় নাছির উদ্দীন চৌধুরী থেকে অনেকটা মুখ ফিরিয়ে নিয়েছেন ভোটাররা। যে কারণে দিরাই-শাল্লায় জয় পরাজয়ের ফ্যাক্টর হয়ে ওঠেছে আওয়ামী পন্থী ভোটার।

 

সূত্র বলছে, দিরাই শাল্লা আসনে সুরঞ্জিত-নাছিরের অসাম্প্রদায়িক রাজনীতির শক্ত ভিত রয়েছে দীর্ঘ দিনের। এবারই প্রথম সেন পরিবার ভোটের মাঠের বাহিরে রয়েছে। যে কারণে সুরঞ্জিত বলয়ের ভোট নাছির উদ্দীন চৌধুরীর পক্ষে যাবে বলেও ধারণা করছেন অনেক ভোটাররা।

 

তবে রয়েছে বিপরীত ধারণাও। অনেক ভোটাররা মনে করছেন আওয়ামী লীগ সমর্থিত ভোটারদের বেশিরভাগ ভোট যাবে শিশির মনিরের দাঁড়িপাল্লায়। এর কারণ হিসেবে তারা উল্লেখ করছেন, শিশির মনিরের বিচক্ষণতাকে। 

 

এদিকে, প্রবীন রাজনীতিবিদ নাছিরকে জেতাতে গ্রুপিং রাজনীতি মীমাংসা করে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে বিএনপি। অন্যদিকে, শিশির মনিরের বিজয় নিশ্চিত করতে মরিয়া জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও বিভিন্ন এলাকায় পথসভা, গণসংযোগ, জনসভায় ব্যস্ত সময় পার করছেন উভয় প্রার্থীরা। প্রতিনিয়ত মানুষের বাড়ি-বাড়ি গিয়ে চাইছেন ভোট। ভোটের দিন যত এগিয়ে আসছে, নির্বাচনী উত্তাপ ততই বেড়ে চলেছে। 

 

উল্লেখ্য, দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৬ হাজার ৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৪ হাজার ৬৫২ জন, নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৩৯৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। দুই উপজেলা মিলিয়ে ভোটকেন্দ্র রয়েছে ১১১টি।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

নির্বাচন, জাতীয় নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সুনামগঞ্জ-২, নাসির-শিশির, দিরাই-শাল্লা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ