১৩ জুন ২০২৬

দৈনন্দিন

মানবিক মানুষ গড়ে তোলাই প্রকৃত শিক্ষা: শ্রীমঙ্গলে ইউএনও ইসলাম উদ্দিন

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ১৭ ডিসেম্বর, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ন



শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন বলেছেন, একটি সুন্দর পৃথিবী ও সমাজ গড়তে হলে আগে নিজেকে গড়ে তুলতে হবে। নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবেই প্রকৃত শিক্ষা অর্জিত হয়। কেবল সনদ বা নম্বর নয়, মানবিক গুণাবলি অর্জনই শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল পৌর শহরের কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা–২০২৪-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ বিতরণ ও বার্ষিক পুরস্কার বিতরণ–২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হক। সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম এবং কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল কবীর।

ইউএনও ইসলাম উদ্দিন তার বক্তব্যে আরও বলেন, মানুষের সবকিছু শেষ হয়ে গেলেও জ্ঞান কখনো শেষ হয় না। জ্ঞানার্জনের মাধ্যমেই ব্যক্তি নিজেকে বিকশিত করতে পারে। লক্ষ্য নির্ধারণ করে সততা ও অধ্যবসায়ের সঙ্গে পরিশ্রম করলে সাফল্য একদিন নিশ্চিতভাবেই ধরা দেবে।

অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন শিক্ষানুরাগী মোহাম্মদ শাহিন আহমেদ, হুমায়ুন রশীদ রাজু (পুলিশ), দাউদ নবী (পুলিশ), রিপন হোসেন ও লাকি আক্তার। এছাড়া বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকের প্রতিনিধিরাও তাদের বক্তব্য উপস্থাপন করেন। তাঁদের মধ্যে ছিলেন— দৈনিক আমার দেশ-এর শ্রীমঙ্গল প্রতিনিধি গোলাম কিবরিয়া জুয়েল, দৈনিক মানব কণ্ঠ-এর প্রতিনিধি মোহাম্মদ আল-আমিন, দৈনিক মানব জমিন-এর প্রতিনিধি জামাল হোসেন এবং দৈনিক সংবাদ প্রতিদিন-এর প্রতিনিধি ইমরান হোসেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আফসার মিয়া, মুঈন উদ্দিন মুন্সি মুহিন, সাইফুল ইসলাম, কাওছার আহমেদ সম্রাট, শাহেদ রানা, তাসলিমা জান্নাত চৈতি, জয়া রবি দাস, তহাফিজা আক্তার, তাসনিম রহমান তৃষা ও নুরজাহান আক্তারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের (সরকারি রেজি. নং এস-১০২৮/৯৮) কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা–২০২৪-এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত ৪৮ জন শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এতে তিন শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. এহসান বিন মুজাহির বলেন, আমাদের লক্ষ্য শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়; বরং শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলা। সুশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও জানান, ২০১৭ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষাসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন বৃত্তি পরীক্ষায় প্রতি বছর শতভাগ পাশের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। সহশিক্ষা কার্যক্রম, জাতীয় শিক্ষাক্রম ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে বিদ্যালয়টি ইতোমধ্যে উপজেলায় একটি আস্থাভাজন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি অর্জন করেছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ