২৯ জুন ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

রাজনৈতিক পরিচয়ে মাস্তানি, আড্ডাবাজি করার দিন শেষ: খন্দকার মুক্তাদির

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২৭ নভেম্বর, ২০২৫ ৫:২৯ অপরাহ্ন


আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘রাজনৈতিক পরিচয়ে মার্কেটের সামনে মাস্তানি, আড্ডাবাজি করার দিন শেষ। রাস্তায় মোটরসাইকেল মহড়া দিয়ে জনসাধারণকে ভোগান্তি দেয়া যাবে না। কেউ এমন করলে সে যেই দলের হোক কঠোর হস্তে দমন করা হবে।’


বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সিলেট মহানগরের জিন্দাবাজারের আলহামরা শপিং সিটি, মহিলা কলেজ রোড, মোতালেব ভিলা, শ্যামলী, নিউ শ্যামলী মার্কেটসহ বিভিন্ন জায়গায় গণসংযোগ এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 


তিনি বলেন, ‘ব্যবসায়ীরা নির্দ্বিধায় শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করবেন। এক্ষেত্রে সারাদেশের মধ্যে সিলেটে একটি দৃষ্টান্ত স্থাপন করা হবে যা ইতিহাস হয়ে থাকবে।’


নির্বাচনী প্রচার প্রচারণার ধারাবহিকতায় সকালে ১১টা থেকে বাদ যোহর পর্যন্ত জিন্দাবাজারের এসব এলাকার ব্যবসায়ীদের সাথে গণসংযোগ করেন খন্দকার মুক্তাদির। 


এসময় আলহামরা শপিং সিটির ব্যবসায়ী সমিতি ও শ্যামলী এবং নিউ শ্যামলী মার্কেটের ব্যবসায়ীদের সাথে পৃথক দুটি মতবিনিময়ে সভায় মিলিত হন।


মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির আরও বলেন, ‘বিএনপি যখনই ক্ষমতায় ছিল ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটত। বিএনপি ব্যাবসায়ী বান্ধব সরকার। আবারও বিএনপি ক্ষমতায় গেলে দেশে ব্যবসা-বাণিজ্যের প্রসারের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি সাধন করা হবে।’


তিনি বলেন, ‘ব্যবসায়ীরাই একটি নির্বাচনে সবচেয়ে বড় আওয়াজ তুলতে পারেন। তাদের আওয়াজই বড় শক্তি।’ তাই সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীকে ধানের শীষের পক্ষে আওয়াজ তোলার আহ্বান জানান তিনি। 


জিন্দাবাজার এলাকায় গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব আব্দুর রহমান রিপন, মেট্রোপলিটন চেম্বারের ট্রেজারার ও পরিচালক মো. জহির হোসেন তুহিন, সিলেট চেম্বারের সাবেক পরিচালক এনামুল কুদ্দুস চৌধুরী, আম্বরখানা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আব্দুল আজিজ, আল হামরা ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল ইসলাম, সিলেট প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি আজির উদ্দিন, শ্যামলী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুজ্জামান, ব্যবসায়ী আব্দুল কাদির জাবেদ প্রমুখ।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

জাতীয় সংসদ নির্বাচন, সিলেট, বিএনপি, চেয়ারপারসন, উপদেষ্টা, খন্দকার মুক্তাদির

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ