০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সিলেটে ১০ লক্ষ টাকার ভারতীয় পেঁয়াজ, পিকআপ ও ট্রাকসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ নভেম্বর, ২০২৫ ৬:২২ অপরাহ্ন


সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ১০ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়েছে। এ সময় একটি ট্রাক ও একটি পিকআপ আটক করা হয়। প্রথম অভিযানে তিনজনকে  আটক করেছে পুলিশ।

শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কোতোয়ালী থানার সোবহানীঘাট কাঁচাবাজার এলাকার ডাচ–বাংলা ব্যাংকের সামনে অভিযান চালায় ডিবি। এ সময় একটি কার্গো ট্রাক থেকে ১১ হাজার ২৫০ কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়। পরে ট্রাকসহ তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, গাজীপুরের মাহফুজুর রহমান (৩৮), কুমিল্লার হোমনা এলাকার মো. শাহআলম (২১) ও সিলেটের দক্ষিণ সুরমার দাউদপুর গ্রামের  বেলাল আহমদ (৪০)।

ডিবি জানায়, হলুদ–নীল রঙের কার্গো ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৬-৭২৩০) থেকে উদ্ধার করা পেঁয়াজের বাজারমূল্য প্রায় ৮ লাখ ৪৩ হাজার ৭৫০ টাকা। ঘটনাটির বিষয়ে বিশেষ ক্ষমতা আইনে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।

এর কিছুক্ষণ পর, সকাল ৭টা ২০ মিনিটে ডিবির আরেকটি দল শাহপরান থানার মুরাদপুর পয়েন্টে চেকপোস্ট বসায়। এ সময় একটি নম্বরবিহীন পিকআপ থামার সংকেত দিলে গাড়ির আরোহীরা পালিয়ে যায়। পরে তল্লাশিতে পিকআপ থেকে ২ হাজার ৬৪ কেজি ভারতীয় পেঁয়াজ পাওয়া যায়, যার মূল্য প্রায় ১ লাখ ৬৫ হাজার ১২০ টাকা।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে শনিবার সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামীদের আটক করা হয়েছে এবং দুটো ঘটনারই আইনগত প্রক্রিয়া চলছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, ভারতীয় পেঁয়াজ, আটক, ডিবি, পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ