
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, বিএনপি একটি নির্বাচনমুখী দল, তবে নির্বাচনকে ঘিরে কিছু মহল অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।
শনিবার (৮ নভেম্বর) সিলেটে নগরীর হোটেল স্টার প্যাসিফিক কনভেনশন হলে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত ‘সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সেলিমা রহমান বলেন,আমরা কোনো ধরনের আশঙ্কা প্রকাশ করিনি। শুধু চাই, বর্তমান অস্থিরতা যেন নির্বাচনে প্রভাব না ফেলে। আমাদের বিশ্বাস, নির্বাচন হবে। তবে নির্বাচনের আগে সংস্কার বা গণভোট ইস্যুতে কিছু গোলমাল তৈরির চেষ্টা হতে পারে।
গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীসহ অন্যান্য নিখোঁজ নেতাকর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, গুম কমিশন সঠিকভাবে কাজ করছে না। গুম হওয়া ব্যক্তিদের পরিবার অভিযোগ জমা দিয়েছে, কিন্তু তদন্তে কোনো অগ্রগতি নেই। সঠিকভাবে তদন্ত হলে অন্তত কিছু সত্য বেরিয়ে আসত।
ঐক্যমত প্রক্রিয়া নিয়ে তিনি সমালোচনা করে বলেন, যারা ঐক্যমতের নামে বসেছেন, তারা দেশের জনগণের প্রতিনিধি নন। সংবিধান ও গণতন্ত্র সম্পর্কে তাদের জ্ঞান সীমিত। সরকারের উদ্দেশ্য এখানে আন্তরিক নয়, বরং পুরো জাতির সঙ্গে খেলা করা হচ্ছে।
আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী চূড়ান্ত ও আসন বণ্টন প্রসঙ্গে সেলিমা রহমান বলেন, কিছু আসন এখনো খালি রয়েছে। সেগুলো চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত জানাচ্ছি না।
আলোচনা সভাটি পরিচালনা করেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। অনুষ্ঠানে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জের বর্তমান ও সাবেক নারী জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুনঃ
রাজনীতি থেকে আরো পড়ুন
নির্বাচন,অস্থিরতা, সৃষ্টির চেষ্টা,সেলিমা রহমান


