০৭ মে ২০২৬

ব্যবসা-বাণিজ্য / বাজারদর

সিলেটে নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, কিছুটা কমেছে রসুন-আলুর দাম

মিফতা হাসান

প্রকাশঃ ২০ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৫১ অপরাহ্ন


সিলেটে নিত্যপণ্যের বাজার দরে তেমন পরিবর্তন নেই। ডিম, রসুন ও আলুর দাম কিছুটা কমলেও বেশিরভাগ পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে।

 

তবে নিত্যপণ্যের দাম যে সাধারণ মানুষের নাগালের মধ্যে, এমনটা না। বাজারে প্রায় প্রতিটি পণ্যের দামই চড়া। গত এক সপ্তাহের ব্যবধানে সেই চড়া দামের খুব একটা পরিবর্তন হয়নি। 

 

ব্যবসায়ীরা বলছেন, এক সপ্তাহের ব্যবধানে রসুন ও আলু কেজিতে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে। কমেছে ডিমের দামও। তবে অন্যান্য পণ্যের দামে পরিবর্তন নেই।

 

শনিবার (২০ সেপ্টেম্বর) নগরীর আম্বরখানা ও বন্দরবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি চাল বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৭৫ টাকায়। মসুর ডাল ৯০–১০০, মুগ ডাল ১২৫, মটর ডাল ৫৫, আটা ৪৫–৫০ এবং ময়দা ৫০–৫৫ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়াও প্রতি লিটার সয়াবিন তেল ১৬০–১৭০ এবং সরিষার তেল ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

 

মসলার বাজারেও গত এক সপ্তাহের ব্যবধানে তেমন পরিবর্তন হয়নি। প্রতিকেজি পেয়াজ ৬৫–৭৫, দেশি রসুন ৭০–৭৫, বিদেশি রসুন ১২০, আদা ১৪০–১৮০, জিরা ৫০০–৫২০, মরিচের গুড়া ৩৫০–৪০০, হলুদের গুড়া ৪০০ এবং পাঁচফোড়ন ৭৫–৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া চিড়া ৬০–৬৫ ও গুড় ৫৫ টাকায় পাওয়া যাচ্ছে।

 

শাহী ঈদগাহের মেসার্স মতিন এন্টার প্রাইজের প্রোপাইটর মামুনুর রশিদ সিলেট ভয়েসকে বলেন, ‘সরকার নির্ধারিত দামে এসব পণ্য বিক্রি করতে হয়। বর্তমানে রসুন, আলু ও চালের দাম কিছুটা কমেছে। এতে ক্রেতাদের কিছুটা স্বস্তি ফিরেছে। সরকারিভাবে দাম কমলে খুচরা বাজারে দাম আরও কমতে পারে।’ 

 

আম্বরখানার মেসার্স বিসমিল্লাহ স্টোরের ব্যবসায়ী শুভরাজ বলেন, ‘গত কয়েক মাস ধরে নিত্যপণ্যের দামে তেমন পরিবর্তন হয়নি। সরকারিভাবে দাম সমন্বয় করা হলে বাজারেও প্রভাব পড়বে। তখন পণ্যের দাম কমবে।’


শেয়ার করুনঃ

ব্যবসা-বাণিজ্য থেকে আরো পড়ুন

সিলেট বাজারদর, নিত্যপণ্যের দাম, রসুন আলুর দাম, ডিমের দাম সিলেট, সিলেটের বাজার পরিস্থিতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ