১৯ এপ্রিল ২০২৬

রাজনীতি / স্থানীয় সরকার

সুনামগঞ্জ-১ আসনে ‘গ্রাম থেকে হাটে’ প্রচারণা শুরু করলেন সালমা নজির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ২:৫২ অপরাহ্ন


সিলেট বিভাগের সবচেয়ে বড় আসন সুনামগঞ্জ-১। চারটি উপজেলা ও বিস্তৃত হাওরাঞ্চলজুড়ে এই আসনে বিএনপির জনসম্পৃক্ততা বাড়াতে নতুন কর্মসূচি নিয়েছেন দলটির স্থানীয় নেতারা। প্রয়াত সাবেক সংসদ সদস্য নজির হোসেনের সহধর্মিণী ও বিএনপি নেত্রী সালমা নজির সম্প্রতি শুরু করেছেন ‘গ্রাম থেকে হাটে’ কর্মসূচি।

সম্প্রতি জামালগঞ্জ উপজেলার বেহেলি ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে গণসংযোগের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এর আগে গ্রামে গ্রামে গিয়ে কৃষিবিষয়ক প্রচারপত্র বিলি করেছিলেন। এবার প্রচার করছেন বিশেষ বুকলেট, যেখানে বিএনপির ৩১ দফার সঙ্গে মিলিয়ে স্থানীয় সমস্যার সমাধান প্রস্তাবনা তুলে ধরা হয়েছে।

সাবেক সাংসদ নজির হোসেন আশির দশকে হাওরে ভাসান পানির আন্দোলনের মাধ্যমে জাতীয় রাজনীতিতে পরিচিতি পান। পরে বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে নেতৃত্ব দেন। ২০০১ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে পরাজিত করে আলোচনায় আসেন। তখন সেই জয়কে বলা হয়েছিল—‘নজিরের নজিরবিহীন বিজয়’। বুকলেটে সেই ইতিহাসের স্মৃতিচারণা করা হয়েছে।

প্রচারণাপত্রে বলা হয়েছে, শিক্ষা, যোগাযোগ, কৃষি, মৎস্য ও স্বাস্থ্য—এই পাঁচটি খাতে হাওরাঞ্চলের মৌলিক সমস্যা চিহ্নিত করে সমাধান ভাবনা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে, প্রত্যেক গ্রামে প্রাথমিক বিদ্যালয়, তিনটি প্রাথমিক বিদ্যালয়কে ঘিরে একটি উচ্চবিদ্যালয়, প্রতি ইউনিয়নে কলেজ ও কারিগরি প্রতিষ্ঠান, সব শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনা এবং একটি হাওর বিশ্ববিদ্যালয় স্থাপন। তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ ও মধ্যনগরকে উড়ালসড়ক নেটওয়ার্কে যুক্ত করা, গ্রামীণ সড়ক পাকাকরণ ও সাবমারসিবল রাস্তার সংখ্যা বৃদ্ধি। বর্ষায় নিরাপদ নৌযান ব্যবস্থা ও শিক্ষার্থী-রোগীর জন্য সরকারি নৌযান চালু।হাওরের নদী-খাল পুনরুদ্ধার ও খনন, বর্ষাকালে ধান উৎপাদনে গবেষণা, ফসল রক্ষায় প্রাকৃতিক প্রতিরক্ষা গড়ে তোলা এবং উঁচু জমিতে বারোমাসি চাষে প্রণোদনা।জলমহাল নীতিতে সংস্কার এনে সর্বোচ্চ দরদাতা প্রথা বাতিল, নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে লটারির মাধ্যমে অভিজ্ঞ ইজারাদার নিয়োগ, মাছের প্রজনন মৌসুমে অন্তত দুই মাস আহরণ বন্ধ রেখে জেলেদের প্রণোদনা প্রদান। ইউনিয়ন পর্যায়ে ২০ শয্যার হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান উন্নয়ন এবং গ্রামে গ্রামে কমিউনিটি স্বাস্থ্যকর্মী নিয়োগ।

শনিবার জামালগঞ্জ উপজেলার বেহেলি ইউনিয়নের উলুকান্দি, আছানপুর, মাহমুদপুর, মদনাকান্দি, হরিনাকান্দি ও তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের পন্ডুপ বাজারে প্রচারণা চালান সালমা নজির।

তিনি  বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত হাওরাঞ্চলের সুদিন ছিল। এরপর থেকে মৌলিক কোনো পরিবর্তন আসেনি। স্থানীয় মানুষের চিহ্নিত সমস্যাগুলোর সমাধানকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। এই দাবিগুলো বাস্তবায়নই পারে হাওরের অনগ্রসর অঞ্চলকে এগিয়ে নিতে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ-১ আসন, জাতীয় নির্বাচন, জামালগঞ্জ, নির্বাচনী প্রচারণা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ