২৯ জুন ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

কুলাউড়ায় ‘বিতর্কিতদের’ নিয়ে ফের বিএনপির কমিটি গঠনের অভিযোগ

প্রতিনিধি, কুলাউড়া, মৌলভীবাজার

প্রকাশঃ ১০ আগস্ট, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ন


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিএনপির ৩ টি ওয়ার্ড কমিটিতে ‘সুবিধাভোগী ও বিতর্কিত’ ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের অভিযোগে কমিটিগুলো বাতিল করেছিল জেলা বিএনপি। 


একই সাথে ৫ দিনের মধ্যে নতুন করে কমিটি গঠনের নির্দেশও দেয় জেলা বিএনপি। কিন্তু নির্দেশ অমান্য করে পুনরায় ‘বিতর্কিত’ ব্যক্তিদের সভাপতিসহ গুরুত্বপূর্ণ পদে রেখে নতুনভাবে কমিটি গঠন করে কুলাউড়া উপজেলা বিএনপি। 


এতে ক্ষুব্দ হয়ে রোববার (১০ আগস্ট) কুলাউড়ার একটি রেষ্টুরেন্ট সংবাদ সম্মেলন করে অভিযোগ তুলে ধরেন ওয়ার্ড বিএনপি নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বরমচাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত খান। 

তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার আবু জাফর রাজুর ঘনিষ্টজন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলামকে দিয়ে ব্যবসা প্রতিষ্টান উদ্বোধনকারী বিতর্কিত ও আওয়ামী সুবিধাভোগী ফখরুল ইসলামকে ইতিপূর্বে বিনা কাউন্সিল এবং গোপনে ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি করা হয়। এতে ওয়ার্ড বিএনপির অনেক নেতাকর্মী বিক্ষুদ্ধ হয়ে প্রতিবাদ সভা, মানববন্ধন এমনকি জেলা ও উপজেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহবায়কের কাছে আবেদন করেন।’ 

তিনি বলেন, ‘আবেদনের প্রেক্ষিতে মৌলভীবাজার জেলা বিএনপি এক চিঠিতে উপজেলার বরমচাল ইউনিয়নের ৮ ও ২ নং এবং কাদিপুরের ৬নং ওয়ার্ড কমিটি বাতিল করেন এবং ৫ দিনের মধ্যে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশ দেয়। এরইপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার (৭ আগষ্ট) বরমচাল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়। কমিটিতে বিতর্কিত ও আওয়ামী সুবিধাভোগী ফখরুল ইসলামকে পুনরায় সভাপতি নির্বাচিত করা হয়। একই সাথে শফিক উদ্দিনকে সম্পাদক, সাহেদ মিয়াকে সাংগঠনিক সম্পাদক, আব্দুল লতিফ লাকিকে সদস্য, ময়নুল হক সোনাকে সদস্য হিসাবে প্রকাশ করা হয়।’ 

সংবাদ সম্মেলনে বরমচাল ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ডের সাবেক সভাপতি ফারুক আহমদ, আমরুজ মিয়া, সোহাগ মিয়া, ময়ুব মিয়া, জয়নুল আবেদিন, উসমান আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ সময় নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করীম ময়ুনসহ আহবায়ক কমিটির নেতৃবৃন্দ এবং অ্যাডভোকেট আবেদ রাজা, শুওকতুল ইসলাম শকুসহ কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়কসহ কমিটির সকল সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষন করেন।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

কুলাউড়া, বিএনপি, রাজনীতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ