০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

পাথরের আড়ালে ২ কোটি টাকার প্রসাধনী, বিয়ানীবাজারে আটক ৩

প্রকাশঃ ৯ আগস্ট, ২০২৫ ৯:২৯ অপরাহ্ন


শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য পাচার থামছেই না সিলেটে। সীমান্তঘেঁষা কানাইঘাট, জকিগঞ্জ ও বিয়ানীবাজারকে ‘নিরাপদ রুট’ বানিয়ে প্রতিদিনই ঢুকছে অবৈধ পণ্য। মাঝেমধ্যে চালান ধরা পড়লেও চোরাকারবারির মূল হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।

এবার অভিনব কৌশলে পাথরভর্তি ট্রাকের ভেতরে লুকিয়ে আনা আড়াই কোটি টাকা মূল্যের প্রসাধনী আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই ইউনিয়নের কসকটখাঁ লালপুর সেতুর ওপর থেকে ট্রাকসহ এসব পণ্য জব্দ করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কানাইঘাটের সাতপারী গ্রামের জাহেদ আহমদ (২৪), একই এলাকার মেহেদী হাসান ইমরান (২০) ও দক্ষিণ সুরমার শ্রীরামপুর গ্রামের জসিম উদ্দিন (২৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চারখাই এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় পাথরবোঝাই ট্রাকটিকে থামিয়ে অনুসন্ধান চালিয়ে ৭৪ কার্টুন স্কিনশাইন ক্রীম ও ২৮ কার্টুন আল্ট্রাব্রাইট ক্রীম পাওয়া যায়। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৪৩ লাখ ৮৪ হাজার টাকা।

বিয়ানীবাজার থানার ওসি মো. আশরাফ উজ্জামান বলেন, সিলেটের পুলিশ সুপারের তদারকিতে অভিযানটি পরিচালিত হয়। আটক পণ্য ও ট্রাক জব্দ করা হয়েছে, আর গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মফিজুর রহমান বলেন, সীমান্তবর্তী হওয়ায় এ এলাকায় চোরাকারবারিরা সক্রিয়। তবে রাজস্ব ফাঁকি ও চোরাচালান রোধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে, অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ভারতীয় পণ্য, বিয়ানীবাজার, গ্রেপ্তার,সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ