০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

শাল্লায় সংঘবদ্ধ চোরচক্রের ৭ সদস্য গ্রেপ্তার

প্রতিনিধি, শাল্লা, সুনামগঞ্জ

প্রকাশঃ ২২ জুলাই, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ন


সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সংঘবদ্ধ চোরচক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) রাতে গোপন সংবাদের অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা সবাই উপজেলার ৪নং শাল্লা ইউনিয়নের কামারগাঁও গ্রামের বাসিন্দা। তারা হলেন—হারুন মিয়া (৫৫), আকাশ মিয়া (২০), সাজিদুল মিয়া (৩২), কবির মিয়া (২৮), মাহফুজ মিয়া (১৯), সোলেমান মিয়া (৩৫) ও জসিম মিয়া (৩৫)।

এর আগে দীর্ঘদিন ধরে শাল্লার বিভিন্ন এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৪নং শাল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামান চৌধুরী ফুল মিয়া, মেধা গ্রামের আহাদ নূর মিয়া, কাশীপুরের মনির মিয়া এবং মনুয়া গ্রামের আবু তাহেরের বাড়িসহ প্রায় ৩০-৪০টি স্থানে চুরি সংঘটিত হয়।

‘চোর আতঙ্কে হাওরপাড়ের মানুষ’—এমন শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশের পর তৎপর হয়ে ওঠে শাল্লা থানা পুলিশ।

এদিকে সোমবার রাতেই উপজেলার কালনী ব্রিজ এলাকার সরঞ্জাম চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক হন আরও দুই চোর। তারা হলেন শাল্লা গ্রামের গোলাম হোসেন ফকিরের ছেলে আবুল বাশার (২৫) এবং সেননগর এলাকার হাদিস মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৪)। এদের দু'জনকে আলাদা মামলায় কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।  

শাল্লা থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, 'থানায় স্বল্প জনবল থাকা সত্ত্বেও যে যে এলাকায় চোর রয়েছে তাদের চুরি নির্মূল করার লক্ষ্যে শাল্লা থানা পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া চোরদের ব্যবহৃত একটি নৌকাও উদ্ধার করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।'


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

শাল্লায় চোরচক্র গ্রেপ্তার,সুনামগঞ্জ চুরির ঘটনা,হাওরপাড়ে চোর আতঙ্ক,শাল্লা থানা অভিযান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ