১২ ঘণ্টায় বৃষ্টিপাত ৪৯.২ মিমি, সিলেটে ফের বজ্রবৃষ্টির সম্ভাবনা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১১ জুলাই, ২০২৫ ১০:১৮ অপরাহ্ন
সিলেটে দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
শুক্রবার (১১ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের পাঠানো পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সিলেট অঞ্চলের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা বিগত কয়েক দিনের তুলনায় কিছুটা বেশি। একই দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস।
সকাল ৯টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা কমে দাঁড়ায় ৫৫ শতাংশে।
বৃষ্টিপাতের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (১০ জুলাই সকাল ৬টা থেকে ১১ জুলাই সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে ১১ জুলাই সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত নতুন করে আর কোনো বৃষ্টি হয়নি।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামীকাল (১২ জুলাই) সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ১০ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে।
আবহাওয়া, সিলেট, পূর্বাভাস