২৩ এপ্রিল ২০২৬

দৈনন্দিন

শেরপুর সেতু মেরামতে দুই দিন যান চলাচল বন্ধ, বিকল্প পথে চলার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশঃ ২৩ এপ্রিল, ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ন


ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজার অংশে কুশিয়ারা নদীর ওপর নির্মিত শেরপুর সেতুর সংস্কারকাজের জন্য যান চলাচল সীমিত ও সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 

আগামীকাল শুক্রবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ওই সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল সীমিত থাকবে। 

ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প সূত্রে জানা গেছে, ১৯৯০ সালে নির্মিত এই সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামতের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কারকাজ চলাকালে যানজট এড়াতে ও যাত্রীদের সুবিধার্থে বিকল্প রুট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ কার্যক্রম বাস্তবায়নের সময় যান চলাচলের নির্দেশনায় বলা হয়েছে, আগামীকাল শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত এক লেনে যানবাহন চলাচল করবে। ওই দিন রাত ১১টা থেকে পরের দিন শনিবার সকাল ৯টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল পুরাপুরি বন্ধ থাকবে। শনিবার সকাল ৯টা থেকে ২৬ এপ্রিল রোববার সকাল ৮টা পর্যন্ত যানবাহন এক লেনে চলাচল করবে।

সেতুতে কাজ চলাকালে যানজট এড়াতে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকা-সিলেট রুটের শায়েস্তাগঞ্জ, শেরপুর-সিলেট অংশের বিকল্প রুট শায়েস্তাগঞ্জ-মিরপুর-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেট। ঢাকা-সিলেট রুটের শেরপুর-(মৌলভীবাজার)-সিলেট অংশের বিকল্প রুট শেরপুর-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেট।

এছাড়া, ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের সৈয়দপুর (নবীগঞ্জ)-শেরপুর-সিলেট-সুনামগঞ্জ অংশের বিকল্প রুট হিসেবে সৈয়দপুরবাজার-রানীগঞ্জ-জগন্নাথপুর হয়ে সুনামগঞ্জ যাতায়াত করতে হবে। 

সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ মো. নাজমুল হুদা জানান, সেতুতে যান চলাচল বন্ধ রেখে সংস্কার কাজ করা হবে। বিষয়টি ইতোমধ্যে প্রচার করা হয়েছে এবং পরিবহন মালিক সমিতিও বিকল্প পথে চলাচলের প্রস্তুতি নিয়েছে। তিনি আরও জানান, ১০ ঘণ্টার মধ্যে কাজ শেষ করার নির্দেশনা রয়েছে। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শেরপুর সেতু, মৌলভীবাজার, কুশিয়ারা নদী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ