সিলেটে ভারতীয় চকলেটসহ গাড়ি জব্দ, আটক ৩
অপরাধ-বিচার
প্রকাশঃ ২২ এপ্রিল, ২০২৬ ৯:৪২ অপরাহ্ন
সিলেটে পুলিশের অভিযানে ভারতীয় চকলেটসহ একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার নগরীর বড়বাজার এলাকার আল্লাহরদান ভেরাইটিজ স্টোরের সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আজ সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, বড়বাজারে অভিযানের সময় সিলেট-থ-১১-৫৭৯১ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ৮৭৭ পিস ভারতীয় নেস্টল কিটকাট চকলেট এবং ১৭ প্যাকেট বেঞ্জ ককোয়া উদ্ধার করা হয়। একইসঙ্গে নারীসহ তিনজনকে আটক করা হয়। জব্দ করা এসব চকলেটের আনুমানিক মূল্য ৬৯ হাজার ৬২০ টাকা বলে দাবি করে পুলিশ।
আটককৃতরা হলেন—ইয়াছমিন (৪৭), শাহনাজ (৪৯) ও মিলাদ আহমদ (২৩)। তদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(বি)/২৫(ডি) ধারায় মামলা (নং-১৬, তারিখ: ২১ এপ্রিল ২০২৬) দায়ের করা হয়েছে।
অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট পুলিশ অভিযান, চকলেট জব্দ, এয়ারপোর্ট থানা, এসএমপি সংবাদ, বিশেষ ক্ষমতা আইন