প্রবেশপত্র না পেয়ে দাখিল পরীক্ষা দিতে না পারার অভিযোগ এক শিক্ষার্থীর
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২২ এপ্রিল, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবেশপত্র না পাওয়ায় চলতি বছরের দাখিল পরীক্ষায় অংশ নিতে পারেনি ছামিয়া বেগম নামের এক শিক্ষার্থী। এতে দীর্ঘ ১০ বছরের শিক্ষাজীবনের স্বপ্ন অনেকটা ধূলিসাৎ হয়ে গেছে ভুক্তভোগী ওই শিক্ষার্থীর। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ছামিয়া বেগম উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি পীরের গাঁও সুন্নিয়া মাদরাসার শিক্ষার্থী।
জানা গেছে, নিয়ম অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণের জন্য সকল ফি পরিশোধ করেন ছামিয়া। কিন্তু প্রতিষ্ঠানের গাফিলতির কারণে সময়মতো প্রবেশপত্র মাদরাসায় এসে পৌঁছায়নি। এতে করে চলতিবছরে চলমান দাখিল পরীক্ষায় অংশ নিতে পারেনি ছামিয়া।
ভুক্তভোগী শিক্ষার্থী ছামিয়া বেগম বলেন, ‘মাদরাসার সকল পাওনা ও পরীক্ষার ফি আমি সময়মতো জমা দিয়েছি। কিন্তু পরীক্ষার সময় ঘনিয়ে এলেও আমাকে প্রবেশপত্র দেওয়া হয়নি। আমার ১০ বছরের পরিশ্রম বিফলে গেছে।’
অভিযোগের বিষয়ে মাদরাসা সুপার নুরুল ইসলাম জানান, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।’
জগন্নাথপুর মাদ্রাসা, দাখিল পরীক্ষা, প্রবেশপত্র সমস্যা, শিক্ষা অবহেলা, সুনামগঞ্জ সংবাদ