০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

জৈন্তাপুরে চা-পাতা বোঝাই পিকআপ জব্দ, বিজিবি সদস্য আহত

প্রতিনিধি, জৈন্তাপুর, সিলেট

প্রকাশঃ ১ জুলাই, ২০২৫ ৭:১৯ অপরাহ্ন


সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে চা-পাতা বোঝাই একটি পিকআপ ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ধাওয়া করার একপর্যায়ে এক বিজিবি সদস্য আহত হন।

মঙ্গলবার (১ জুলাই) দুপুর ২টার দিকে বিকেলে উপজেলার সুরাইঘাট বিওপির অভ্যন্তরীণ সীমান্ত পিলার ১৩১০ থেকে প্রায় সাত কিলোমিটার বাংলাদেশের ভেতরে এ ঘটনা ঘটে। 
 
জানা যায়, সুরাইঘাট বিওপির সীমান্ত পিলার ১৩১০ থেকে প্রায় ৭ কিলোমিটার বাংলাদেশের ভেতরে চোরাচালানি সন্দেহে একটি ডিআই পিকআপকে থামার সংকেত দেয় একটি টহল দল। এ সময় চালক সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে।

পরে মোটরসাইকেল দিয়ে পিকআপটি ধাওয়া করে বিজিবি। একপর্যায়ে পিকআপটি দরবস্ত পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন একটি কাঠের স’মিলের পাশে গিয়ে ধাক্কা খায় এবং চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। 

এরপর গাড়িটি তল্লাশি করে তাতে চোরাচালানকৃত চা পাতা উদ্ধার করে বিজিবি। 

এদিকে ধাওয়ার সময় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে সিপাহী মো. সিহাব ইসলাম রাব্বি হাঁটুর নিচে আঘাত পান। পরে তাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। 

উদ্ধারকৃত পিকআপ ও চা পাতা জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। 

জব্দকৃত পিকআপের মালিক হিসেবে মো. জহিরুল ইসলাম ও চা পাতার মালিক হিসেবে শাহজাহানের নাম পাওয়া গেছে। 

সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে জকিগঞ্জ ব্যাটালিয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

জৈন্তাপুর চোরাচালান,সিলেট সীমান্ত অভিযান,বিজিবি চা পাতা জব্দ,চোরাচালানবিরোধী অভিযান,সীমান্তে বিজিবি সদস্য আহত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ