উৎসব কেবল আনন্দের উপলক্ষ নয়; এটি একটি জাতির আত্মপরিচয়, সাংস্কৃতিক চেতনা ও সম্মিলিত মানবিক বোধের গভীরতম প্রকাশ। ইতিহাসের প্রতিটি সভ্য সমাজে উৎসব মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, মৈত্রী ও ঐক্যের বন্ধন দৃঢ় করার এক অনিবার্য অনুষঙ্গ হিসেবে কাজ করেছে। 

 

যেকোনো জাতির স্বতন্ত্র পরিচয় নির্মাণে, সামাজিক সংহতি প্রতিষ্ঠায় এবং পারস্পরিক সহমর্মিতার সংস্কৃতি বিকাশে উৎসবের ভূমিকা অপরিসীম। উৎসবের দিনগুলো তাই নিছক ছুটি কিংবা আনুষ্ঠানিক উদযাপনের দিন নয়; বরং একটি জাতির অন্তর্গত আত্মাকে উপলব্ধি করারও এক মহামুহূর্ত।

 

মুসলিম জীবনের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা সেই অর্থে কেবল ধর্মীয় আচারের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি ত্যাগ, আত্মশুদ্ধি, সাম্য, মানবতা ও ভ্রাতৃত্ববোধের এক গভীর জীবনদর্শনের নাম। কুরবানির পশুর রক্ত কিংবা আনুষ্ঠানিকতার ভেতরেই এর তাৎপর্য সীমাবদ্ধ নয়; বরং মানুষের অন্তর্গত অহংকার, লোভ, হিংসা, স্বার্থপরতা ও আত্মকেন্দ্রিক প্রবণতাকে সংযত করার মধ্যেই কুরবানির প্রকৃত চেতনা নিহিত। 

 

কুরবানি মূলত আত্মাকে পরিশুদ্ধ করার এক প্রতীকী শিক্ষা—যেখানে মানুষ নিজের ভেতরের অন্ধকারকে জবাই করে আলোকিত মানবিক সত্তার দিকে এগিয়ে যেতে শেখে।

 

আজকের পৃথিবী, বিশেষত আমাদের সমাজ, বহুমাত্রিক সংকটের ভেতর দিয়ে অতিক্রম করছে। সামাজিক অবক্ষয়, নৈতিক বিপর্যয়, অসহিষ্ণুতা, বৈষম্য, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, স্বার্থের সংঘাত—সব মিলিয়ে সমাজজীবন যেন এক জটিল অস্থিরতার ভেতর বন্দী। 

 

মানুষের ভেতর থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সহমর্মিতা, বিবেক, দায়বদ্ধতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। ব্যক্তি ক্রমশ ব্যক্তি হয়ে উঠছে, কিন্তু মানুষ হয়ে ওঠার শিক্ষাটি যেন কোথাও ম্লান হয়ে পড়ছে। এই বাস্তবতায় কুরবানির চেতনা আমাদের সামনে এক গভীর আত্মসমালোচনার দরজা খুলে দেয়—আমরা কি সত্যিই নিজেদের ভেতরের পশুত্বকে পরাজিত করতে পেরেছি?

 

বাংলাদেশের সমাজব্যবস্থার শক্ত ভিত হিসেবে দীর্ঘদিন ধরে মধ্যবিত্ত শ্রেণিকে বিবেচনা করা হয়। এই শ্রেণি সামাজিক মূল্যবোধ, শিক্ষা, সংস্কৃতি ও নৈতিক মানদণ্ড নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। কিন্তু দুঃখজনকভাবে আজ সমাজের বহু সংকটের কেন্দ্রে নৈতিক বিচ্যুতির প্রশ্নও বড় হয়ে উঠেছে। 

 

যখন সততার জায়গায় আপস, নীতির জায়গায় সুবিধাবাদ, মানবিকতার জায়গায় ব্যক্তিস্বার্থ প্রাধান্য পায়, তখন সামাজিক কাঠামো ভঙ্গুর হয়ে পড়ে। ফলে প্রশ্ন জাগে—সমাজ পরিবর্তনের পূর্বশর্ত কী? উত্তরটি হয়তো আত্মশুদ্ধির মধ্যেই নিহিত।

 

আত্মশুদ্ধি মানে কেবল ব্যক্তিগত ধর্মাচরণ নয়; এটি এক গভীর নৈতিক অনুশীলন। নিজের ভুলকে স্বীকার করা, অন্যের অধিকারকে সম্মান করা, লোভকে নিয়ন্ত্রণ করা, ক্ষমতাকে দায়িত্বে রূপান্তরিত করা এবং মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতে শেখার নামই আত্মশুদ্ধি। কুরবানির শিক্ষা আমাদের সেই কথাই স্মরণ করিয়ে দেয়—মানুষের শ্রেষ্ঠত্ব ভোগে নয়, ত্যাগে; প্রতিযোগিতায় নয়, সহমর্মিতায়; বিভাজনে নয়, মিলনে।

 

আমাদের সমাজে বৈষম্য আজ এক নির্মম বাস্তবতা। একদিকে অঢেল প্রাচুর্য, অন্যদিকে ন্যূনতম প্রয়োজন থেকেও বঞ্চিত অসংখ্য মানুষ। এই ব্যবধান কেবল অর্থনৈতিক নয়; এটি সামাজিক ও মানসিক দূরত্বও তৈরি করে। কুরবানির অন্যতম সৌন্দর্য এখানেই—এ উৎসব ভাগাভাগির শিক্ষা দেয়। 

 

আত্মীয়-স্বজন, প্রতিবেশী, অসচ্ছল ও প্রান্তিক মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে সামাজিক সহমর্মিতার এক অনন্য সংস্কৃতি গড়ে ওঠে। সমাজের একজন মানুষও যেন উৎসবের আনন্দ থেকে বিচ্ছিন্ন না থাকে—এই মানবিক দৃষ্টিভঙ্গিই কুরবানির প্রকৃত সৌন্দর্য।

 

একই সঙ্গে বর্তমান সময়ে ধর্মীয় অসহিষ্ণুতা ও সাম্প্রদায়িক বিভাজনের বিষয়টিও গভীর উদ্বেগের। মানুষে মানুষে বিভেদ, মতের অমিলকে বিদ্বেষে রূপ দেওয়া, ধর্মকে মানবিকতার পরিবর্তে বিভাজনের উপকরণে পরিণত করা—এসব একটি সুস্থ সমাজের জন্য বিপজ্জনক। 

 

অথচ সত্যিকার ধর্মীয় শিক্ষা মানুষকে বিনয়ী, সহনশীল, ন্যায়পরায়ণ ও মানবিক করে তোলে। মানুষকে ঘৃণা নয়, সম্মান করতে শেখায়। কুরবানির অন্তর্নিহিত শিক্ষা তাই কেবল নিজের সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ভ্রাতৃত্ব নয়; বরং বৃহত্তর মানবিক সহাবস্থানের দিকেও আমাদের আহ্বান জানায়।

 

ভ্রাতৃত্ববোধ মানে শুধু আত্মীয়তার সম্পর্ক নয়; এটি এমন এক সামাজিক চেতনা, যেখানে অন্যের দুঃখে ব্যথিত হওয়া, অন্যের প্রয়োজনকে নিজের দায় মনে করা এবং পারস্পরিক বিশ্বাসের বন্ধন গড়ে তোলা অন্তর্ভুক্ত। 

 

সমাজে যখন মানুষ একে অন্যের প্রতি দায়বদ্ধ থাকে, তখন অপরাধ কমে, হিংসা কমে, অবিশ্বাসের দেয়াল ভেঙে পড়ে। আর যখন মানুষ কেবল নিজের প্রয়োজনটুকুই দেখতে শেখে, তখন সমাজে বিশৃঙ্খলা ও অবক্ষয় অনিবার্য হয়ে ওঠে।

 

আমরা এমন এক দেশ ও সমাজে বাস করি, যা অসংখ্য ত্যাগ, সংগ্রাম ও আত্মদানের ইতিহাস বহন করে। এই প্রিয় মাতৃভূমি রক্ত, স্বপ্ন ও ভালোবাসার বিনিময়ে অর্জিত। তাই এটিকে কেবল রাজনৈতিক কিংবা অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে নয়, নৈতিক ও মানবিক উন্নতির মাধ্যমেও সমৃদ্ধ করতে হবে। 

 

দেশপ্রেম মানে শুধু আবেগ নয়; এটি দায়িত্ববোধেরও নাম। নিজের কর্মে সততা, সমাজের প্রতি দায়বদ্ধতা, মানুষের প্রতি শ্রদ্ধা এবং ন্যায়বোধ প্রতিষ্ঠার মধ্য দিয়েই প্রকৃত অর্থে দেশপ্রেমের প্রকাশ ঘটে।

 

ঈদুল আজহার উৎসব আমাদের তাই নতুনভাবে ভাবতে শেখায়—আমরা কী হারিয়েছি, কী ফিরে পাওয়া প্রয়োজন, এবং কেমন সমাজ নির্মাণ করতে চাই। কুরবানির প্রকৃত তাৎপর্য যদি আত্মশুদ্ধির আলোয় আমাদের অন্তরকে আলোকিত করে, যদি মানুষের প্রতি ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে, যদি বৈষম্যের দেয়াল ভেঙে মানবিক সহমর্মিতার হাত প্রসারিত করতে শেখায়, তবেই এই উৎসব তার পূর্ণতা লাভ করবে।

 

আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও মানবতার যে মহৎ বার্তা এ উৎসব বহন করে, তা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত হলেই কেবল একটি ন্যায়ভিত্তিক, সহনশীল ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। আমাদের সময়ের সবচেয়ে বড় প্রয়োজন হয়তো এটাই—মানুষের ভেতরে মানুষকে ফিরিয়ে আনা।

 

লেখক: কবি ও সম্পাদক
সহকারী অধ্যাপক, রাগীব রাবেয়া ডিগ্রি কলেজ, সিলেট


শেয়ার করুনঃ