বাহুবলে সড়ক দুর্ঘটনা: নারী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৮ জুলাই, ২০২৬ ৯:৫২ অপরাহ্ন
হবিগঞ্জের বাহুবল উপজেলায় পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে জেরিন আক্তার (২৬) নামে এক নারী নিহতের ঘটনায় পলাতক পিকআপচালককে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে, গতকাল শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে র্যাব-৯, সিপিসি-২ মৌলভীবাজার এবং র্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের যৌথ অভিযানে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আনারপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দারাগাঁও গ্রামের ইরফান মিয়া (২০)।
র্যাব জানায়, গত ২৩ এপ্রিল বিকেল সোয়া ৪টার দিকে জেরিন আক্তার তার মেয়েকে নিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে দারাগাঁও থেকে মিরপুর বাজারে যাচ্ছিলেন। পথে বাহুবল উপজেলার বড়গাঁও শাহী জামে মসজিদের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ ঘটনায় জেরিন আক্তার ও তার মেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেরিন আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত শিশুকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে বাহুবল থানায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৮/১০৫ ধারায় মামলা করেন। মামলার পর থেকে পিকআপচালক আত্মগোপনে ছিলেন।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার একমাত্র পলাতক আসামি ইরফান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাহুবল, হবিগঞ্জ, র্যাব-৯, সড়ক দুর্ঘটনা, ইরফান মিয়া