সিসিক নির্বাচনে জামায়াতের মেয়রপ্রার্থী নুরুল ইসলাম বাবুল
নির্বাচন
প্রকাশঃ ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৫:১২ অপরাহ্ন
আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে দলীয় মেয়রপ্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মনোনয়ন পেয়েছেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট মহানগরীর থানা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্যদের নিয়ে আয়োজিত দিনব্যাপী শিক্ষা শিবির কর্মসূচিতে দলের এই কেন্দ্রীয় সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি নিজেই প্রার্থীর নাম ঘোষণা করেন এবং তাঁর পক্ষে মাঠে নামতে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দেন।
বক্তব্যে আজহারুল ইসলাম বলেন, নগরবাসীর নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া এবং সিলেট সিটিকে একটি ইনসাফভিত্তিক, আধুনিক ও বাসযোগ্য মডেল নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্র থেকে ড. নুরুল ইসলাম বাবুলকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। ড. বাবুলকে পরিচ্ছন্ন রাজনীতি ও সততার প্রতীক হিসেবে অভিহিত করে তিনি এই বার্তা নগরীর ঘরে ঘরে পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতা-কর্মীদের প্রতি।
শিক্ষা শিবিরে সিলেট মহানগর জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন থানা ইউনিটের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। প্রার্থীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস। একই সঙ্গে সমাবেশ থেকে সিসিকের প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় অবিলম্বে গণসংযোগ জোরদারের নির্দেশনাও দেওয়া হয়।
সিসিক, জামায়াত, মেয়রপ্রার্থী, নুরুল ইসলাম বাবুল, মনোনয়ন, সিটি করপোরেশন