রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি সিলেট-৫ আসনের সংসদ সদস্য আবুল হাসানসহ ছয়জন
নির্বাচন
প্রকাশঃ ২০ আগস্ট, ২০২৬ ৮:১০ অপরাহ্ন
রাষ্ট্রপতি নির্বাচনে সিলেট-৫ আসনের সংসদ সদস্য আবুল হাসানসহ ছয়জন ভোট দেননি। বৃহস্পতিবার বিকাল ৫টায় শেষ হয় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ।
নির্বাচনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অধিকাংশ সংসদ সদস্য ভোটাধিকার প্রয়োগ করেছেন।
যে ছয় সংসদ সদস্য ভোট দেননি তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা, কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ওসমান ফারুক, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, সাতক্ষীরা-৪ আসনের জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং সিলেট-৫ আসনের সংসদ সদস্য খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান।
এর মধ্যে বিএনপির মির্জা আব্বাস ও মোস্তফা কামাল পাশা বিদেশে চিকিৎসাধীন। বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক ও খেলাফত মজলিসের আবুল হাসানও ভোট দিতে আসেননি। আবুল হাসান বিদেশে অবস্থান করছেন বলে তাঁর দলের মহাসচিব আহমদ আব্দুল কাদের গণমাধ্যমকে জানিয়েছেন। জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকেও ভোট দিতে দেখা যায়নি।
আদালতের আদেশের কারণে চট্টগ্রাম–৬ আসনের ফল প্রকাশ স্থগিত রয়েছে। একই সঙ্গে ওই আসনের বিএনপির আসলাম চৌধুরীর প্রার্থীতা বাতিল হয়েছে। ফলে বর্তমান সংসদে সংরক্ষিত নারীসহ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য।
এর মধ্যে বিএনপির মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ছয়জন সংসদ সদস্য ভোটদানে বিরত ছিলেন।
ভোটদানে বিরত থাকার বিষয়ে রুমিন ফারহানা জানান, ‘আমার কাছে রাষ্ট্রপতি নির্বাচনকে অর্থহীন মনে হয়েছে। কারণ, ভোটে অনিশ্চয়তা না থাকলে সেটা কোনো নির্বাচন নয়। এই ভোটের ফলাফল কী, তা সবার জানা। তাহলে এটাকে ভোট কেন বলব। সুতরাং এটা মনোনয়ন, নির্বাচন নয়।’
রাষ্ট্রপতি নির্বাচন, সংসদ সদস্য, ভোটদান, আবুল হাসান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অলি আহমদ