ওসমানী বিমানবন্দরে বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন
সিলেটজুড়ে
প্রকাশঃ ২২ আগস্ট, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ন
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে ডিসপ্লে ও সেলস সেন্টার চালু করা হয়েছে। শনিবার সকালে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ কেন্দ্রের উদ্বোধন করেন।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে নতুন ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাতীয় অর্থনীতিতে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের অবদান বর্তমানে প্রায় ৩৪ শতাংশ। সরকারের মূল লক্ষ্য এ অবদান ৫০ শতাংশে উন্নীত করা।
বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানি সংকটের কথা উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, অধিক জ্বালানি-নির্ভর শিল্পের পরিবর্তে স্বল্প বিনিয়োগ ও পরিবেশবান্ধব ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
শিল্প খাতে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের টেকসই সমাধানের বিষয়ে মন্ত্রী বলেন, দেশে প্রতিদিন সাড়ে তিন থেকে চার ঘণ্টা সৌরশক্তির সর্বোত্তম ব্যবহার করা সম্ভব। স্টোরেজ সুবিধার মাধ্যমে এ বিদ্যুৎ সন্ধ্যার পিক আওয়ারেও ব্যবহার করা যেতে পারে।
সরকারের ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হলে শিল্প খাতে লোডশেডিংয়ের সংকট অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল প্লটগুলোতে গ্যাসের পাশাপাশি বিকল্প জ্বালানি হিসেবে রাইস হাস্ক বা ধানের তুষ ও কয়লা ব্যবহারের একটি রূপরেখা তৈরি করা হচ্ছে বলেও জানান।
অনুষ্ঠানে সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক মো. বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন এই সেন্টারে সিলেটে উৎপাদিত ঐতিহ্যবাহী ক্ষুদ্র ও কুটির শিল্পপণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। এর মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের দেশ-বিদেশে প্রচার এবং বাজার সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন।
উদ্বোধনী কর্মসূচির পর মন্ত্রী সিলেটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে মতবিনিময় করেন এবং পরে প্রস্তাবিত বিসিক-৩-এর স্থান পরিদর্শন করেন।
সিলেট ওসমানী বিমানবন্দর, বিসিক সেলস সেন্টার, খন্দকার আব্দুল মুক্তাদির, ক্ষুদ্র ও কুটির শিল্প, সিলেটের খবর