২৩ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

কানাইঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪

প্রতিনিধি, কানাইঘাট, সিলেট

প্রকাশঃ ২২ আগস্ট, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ন


সিলেটের কানাইঘাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এ মামলায় সংগঠনটির চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাতে এবং শনিবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কুওরঘড়ী গ্রামের কামাল উদ্দিনের ছেলে ইউনুস আহমদ (২২), পৌরসভার বিষ্ণুপুর গ্রামের মো. নূর উদ্দিনের ছেলে আব্দুল কাদির হৃদয় মোহাম্মদ আলী (৩৪), দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে মাইন উদ্দিন আকরাম (১৯) এবং চড়িপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে আবু তাহের (১৯)।


এর আগে, গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ-সমর্থিত কানাইঘাট উপজেলা ছাত্রলীগের ব্যানারে ২৫ থেকে ৩০ জন নেতা-কর্মী কয়েক মিনিটের একটি ঝটিকা মিছিল করেন। কানাইঘাট সদর ইউনিয়নের চতুল-দরবস্ত সড়কের বারহাল সেতুর ওপর এ মিছিল অনুষ্ঠিত হয়।


মিছিলের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় মিছিলকারীরা। 


এ ঘটনায় ওই দিন রাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে কানাইঘাট থানায় মামলা করে। মামলার প্রেক্ষিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহেল সিরাজ-সমর্থিত কানাইঘাটের চতুল এলাকার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ও বর্তমানে প্রবাসে থাকা এমএ কামালসহ আরও কয়েকজনের অর্থায়নে ওই মিছিল করা হয়।


কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মিছিলের ঘটনায় মামালা দায়েরের পর অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

কানাইঘাট, ছাত্রলীগ, ঝটিকা মিছিল, সন্ত্রাসবিরোধী আইন, গ্রেপ্তার, পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ