সাকিব আল হাসান ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
দেশজুড়ে
প্রকাশঃ ১১ আগস্ট, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ন
সাকিব আল হাসান ভালো ক্রিকেটার হলেও তিনি ‘নষ্ট, পচে যাওয়া মানুষ’ এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
সাকিব আল হাসানের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক সম্পৃক্ততার প্রসঙ্গ টেনে জাহেদ উর রহমান বলেন, ‘সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন। যিনি শেখ হাসিনার সঙ্গে এলাইনড হন এবং এখনো এলাইনড থাকেন, তিনি পচে যাওয়া মানুষ।’
তবে সাকিব দেশে ফিরতে চাইলে তাকে নিরাপত্তা দেওয়া হবে বলে জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, দেশে ফিরলে সাকিবকে আদালতের মুখোমুখি হতে হবে এবং তিনি তার আইনি অধিকার পাবেন।
দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাকিব আল হাসানের বক্তব্য দেওয়ার প্রসঙ্গও আসে ব্রিফিংয়ে। এ বিষয়ে জাহেদ উর রহমান বলেন, সরকারকে চাপে ফেলতেই সাকিব এসব ‘ফালতু কথা’ বলেন।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, সাকিবের মতো তাকেও দেশে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হবে। তিনি বলেন, ‘সবচেয়ে বীভৎস মানুষটাও তার নাগরিক অধিকার পাবে।
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে বলেও মন্তব্য করেন জাহেদ উর রহমান জানান, গত ১৭ বছর দুই দেশের মধ্যে যেভাবে সম্পর্ক ছিল, সেখান থেকে বেরিয়ে সমতার ভিত্তিতে নতুন সম্পর্ক গড়ে তোলা হবে।
তিনি বলেন, ‘বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না।’
দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ ও কথাবার্তা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠানকে বাংলাদেশে কাজ করার সুযোগ দেওয়ার মতো পরিস্থিতি আর থাকবে না উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, ‘এখন থেকে সবকিছু স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আলোচনার মাধ্যমে করা হবে।’
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। ভারত সরকার আলাদাভাবেও তাকে আমন্ত্রণ জানিয়েছে।
জাহেদ উর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী যেকোনো সময় ভারতে যেতে পারেন।’
সাকিব আল হাসান, জাহেদ উর রহমান, সাকিবকে নিয়ে মন্তব্য, সাকিব দেশে ফেরা, সাকিবের নিরাপত্তা, শেখ হাসিনা, বাংলাদেশ ক্রিকেট, তথ্য উপদেষ্টা, ভারত-বাংলাদেশ সম্পর্ক, সাকিবের আইনি অধিকার