রাজনগরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৭ জুলাই, ২০২৬ ৫:০৭ অপরাহ্ন
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। পরে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে শিশুটিকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, গত রোববার সকালে শিশুটিকে গ্রামের একটি মাছের ফিশারিতে ডেকে নেওয়া হয়। সেখানে কর্মরত এক শ্রমিক নির্জন স্থানে নিয়ে তাকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
ঘটনার পর বিষয়টি প্রকাশ না করতে বিভিন্নভাবে চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যান। বিভিন্ন বাধা ও চাপের মুখেও তারা শিশুটিকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করান।
বর্তমানে শিশুটি হাসপাতালের সার্জারি-২ ওয়ার্ডে চিকিৎসাধীন। চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মৌলভীবাজার, রাজনগর উপজেলা, ফতেপুর ইউনিয়ন, কাশিমপুর, সাত বছর বয়সী, শিশু, ধর্ষণ